কুইটো, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে যুক্তরাজ্য ও সুইডেন তাদের কঠোর অবস্থান পরিবর্তন করবে না বলে মনে করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। এ বিষয়ে ইকুয়েডরের মতো ছোট, গরীব দেশকে তারা আমলে নেবে না বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ মনোভাবের কথা জানান ইকুয়েডরের বামপন্থী প্রেসিডেন্ট কোরেয়া।
অ্যাসাঞ্জের পরিণতি নিয়ে সব সময়ই কথা বলতে প্রস্তুত বলে জানান তিনি।
গত দুইমাস ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন অ্যাসাঞ্জ। গত সপ্তাহে ইকুয়েডরে তার রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা মঞ্জুর করেছেন কোরেয়া।
যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ বিষয়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন। এ কারণে সুইডেনের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ যুক্তরাজ্য।
কোরেয়া জানিয়েছেন, সুইডেনে পাঠানো হলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে, অ্যাসাঞ্জের এমন শঙ্কার সঙ্গে তিনি একমত।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন গোয়েন্দা নথি ফাঁস করে দেয় উইকিলিকস। এ কারণে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র, এমন ধারণা প্রচলিত।
“আলোচনার বিষয়ে আমরা সব সময়ই আস্থাশীল। আশা কখনো ছাড়তে নেই,” বলেন কোরেয়া।
“কিন্তু সুইডেন অথবা যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করবে কিনা তা নিয়ে আমি কিছুটা সন্দিহান, তারা আগে কখনো তাদের অবস্থান পরিবর্তন করেনি আর ইকুয়েডরের মতো ‘তৃতীয় বিশ্বের দেশের’ সঙ্গে আলোচনার মাধ্যমে এর পরিবর্তন হবে এ সম্ভাবনা আরো কম,” বলেন তিনি।
“আমরা সব সব সময়ই অবমূল্যায়িত, কিন্তু আমরা এখনো আশাবাদী।”
“তৃতীয় কোনো দেশের কাছে অ্যাসাঞ্জকে তুলে দেওয়া হবে না, এমন নিশ্চয়তা পেলে ইকুয়েডরে রাজনৈক আশ্রয় গ্রহণ না করে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অ্যাসাঞ্জ সুইডেন যেতে প্রস্তুত। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও এমন কোনো নিশ্চয়তা দিতে রাজী নয় যুক্তরাজ্য বা সুইডেন,” বলেন তিনি।
তাই অ্যাসাঞ্জকে তৃতীয় কোনো দেশের হাতে তুলে দেওয়ার গোপন পরিকল্পনা আছে বলে মনে করেন কোরেয়া।
যুক্তরাষ্ট্র তাকে ধরার চেষ্টা করছে, অ্যাসাঞ্জ এমন অভিযোগ করলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকারী সূত্রগুলো জানিয়েছে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো অপরাধের অভিযোগ আনেনি আর তাকে আটক করার কোনো পরিকল্পনাও করেনি।
ওবামা প্রশাসন জানিয়েছে, অ্যাসাঞ্জের ভবিষ্যৎ যুক্তরাজ্য, সুইডেন ও ইকুয়েডরের হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৪ ঘ.
bdnews24