২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেইভিকের ২১ বছরের কারাদণ্ড

নরওয়ের আত্মস্বীকৃত খুনী অ্যান্ডার্স বেইরিং ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ ঘোষণা করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এটি নরওয়ের সর্বোচ্চ শাস্তি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

অসলো, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের আত্মস্বীকৃত খুনী অ্যান্ডার্স বেইরিং ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ ঘোষণা করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এটি নরওয়ের সর্বোচ্চ শাস্তি। শুক্রবার এ রায় ঘোষণা করা হয়। গুলি করে ও বোমা হামলা চালিয়ে গত বছর ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক। রাসায়নিক সার দিয়ে বানানো বোমা ব্যবহার করে নরওয়ের রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে হামলা চালান তিনি। এ ঘটনায় আটজন নিহত হয়। এরপর অসলো থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন দলের যুব শাখার রাজনৈতিক শিবিরে গুলি চালিয়ে আরো ৬৯ জনকে হত্যা করেন ব্রেইভিক। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর নরওয়েতে এটিই সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞ। ব্রেইভিক এ হত্যাকাণ্ডকে নৃশংস বলে স্বীকার করলেও তা অপরাধ বলে মানতে অস্বীকৃতি জানান। নরওয়েকে ইসলামিকীকরণের হাত থেকে বাঁচাতে এ হামলা চালানোর প্রয়োজন ছিল বলে দাবি করেন তিনি। আদালত ব্রেইভিককে সন্ত্রাস এবং পূর্বপরিকল্পিত খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে সর্Ÿোচ্চ ২১ বছরের সাজা দিল। তবে সমাজের জন্য ব্রেইভিককে বিপজ্জনক মনে করলে পরবর্তী সময়ে তার সাজার এ মেয়াদ আরো বাড়ানো হতে পারে। “সাজা ভোগের পরও কর্তৃপক্ষ মুসলিম বিদ্বেষী চরম ডানপন্থী খ্রিস্টান ব্রেইভিককে হুমকি বলে মনে করলে তার মুক্তি স্থগিত রাখতে পারবে”, রায়ে ঘোষণা করে আদালত। ৩৩ বছর বয়সী ব্রেইভিককে অসলোর উপকণ্ঠে ইলা কারাগারে রাখা হবে। তার কারাকক্ষটি তুলনামূলকভাবে প্রশস্ত এবং এর সঙ্গে একটি আলাদা ব্যায়ামাগার আছে। এছাড়াও আছে কম্পিউটার এবং টেলিভিশন। ব্রেইভিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করায় তার অপরাধ এবং দোষ নিয়ে কোনো বিচার হয়নি। ব্রেইভিকের ১০ সপ্তাহের বিচার চলেছে মূলত তিনি মানসিকভাবে সুস্থ না অসুস্থ তা নির্ধারণ করা নিয়ে। কৌসুলিরা ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করে তাকে জেলের পরিবর্তে মানসিক হাসপাতালে রাখার পক্ষপাতি ছিলেন। কিন্তু ব্রেইভিক নিজেকে সুস্থ বলেই দাবি করেন। মানসিকভাবে অসুস্থ ঘোষণা করা হলে তিনি এর বিরুদ্ধে আপিল করারও ঘোষণা দিয়েছিলেন। “সর্বসম্মত সিদ্ধান্তে আদালত অভিযুক্তকে ২১ বছরের নিরোধমূলক কারাদণ্ডের আদেশ দিচ্ছে,” রায়ে বলেন বিচারক আর্ন্টজেন। রায়ে ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ ঘোষণার কৌসুলিদের দাবি খারিজ করে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/১৬১৬ ঘ.