আম্মান/আলেপ্পো (সিরিয়া), অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৪ ঘন্টার হেলিকপ্টার ও গোলা হামলার পর বৃহস্পতিবার ট্যাংক নিয়ে দামেস্কের উপকণ্ঠে দরায়া শহরতলীতে ঢুকে পড়েছে সেনারা।
বোমা হামলায় দারায়ায় নিহত হয়েছে অন্তত ১৫ জন। আহত হয়েছে ১৫০ জন।
সেনারা ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে। শহরের কেন্দ্রস্থলের দিকে এগুচ্ছে তারা। মাঝে মাঝে বিদ্রোহীদের কাছ থেকে খুব জোরালো না হলেও কিছুটা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে সেনারা। বেশিরভাগ বিদ্রোহীই এলাকাটি থেকে সরে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সেনারা প্রতিটি সেক্টরে ঢোকার আগে মর্টার বোমা হামলা চালিয়ে তা বিদ্রোহীমুক্ত করে সেখানে প্রবেশ করছে বলে জানিয়েছেন বিরোধীপক্ষের এক কর্মী আবু জাঈদ।
দারায়া সংলগ্ন একটি এলাকা থেকে তিনি ফোনে একথা জানান।
অন্যান্য কর্মীরা জানিয়েছে, সেনাবাহিনী কাশিউন থেকে শুরু করে শহরতলীর অন্যান্য জায়গাতেও গোলা হামলা চালাচ্ছে।
দামেস্কজুড়ে ট্যাঙ্ক ও হেলিকপ্টার হামলার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে জাতিসংঘ দেশটিতে তাদের পর্যবেক্ষণ মিশনের ইতি ঘোষণার পর নতুন করে এ অভিযান চলছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা গণঅভ্যুত্থান দমনে সরকারি বাহিনীর হাতে ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটি এখন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে।
আসাদবিরোধীরা জানিয়েছেন, দামেস্কে অন্ততপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। চলতি মাসকে তারা প্রবল বোমা বর্ষণের মাস বলে অভিহিত করেছে।
তারা আরো জানায়, দামেস্কসহ অন্যান্য বেশ কয়েকটি জেলায় সরকারি বাহিনী ভারী অস্ত্রসহ বিদ্রোহীদের উৎখাতে লড়াই চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, সরকারি বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে সেগুলোর মধ্যে বেশকিছু অস্ত্র রয়েছে যা ইরান সরবরাহ করেছে। এ ধরনের অস্ত্র রপ্তানি জাতিসংঘের আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আলেপ্পোয় অবস্থানকারী রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, বুধবার প্রচণ্ড গোলাগুলি ও মিনিটে মিনিটে গোলা হামলার শব্দ শোনা গেছে।
ওদিকে, সিরিয়া বিষয়ক জাতিসংঘের সম্ভাব্য পরবর্তী মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি বুধবার প্যারিসে আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।
বৈঠকে ফ্রি সিরিয়ান আর্মি জানিয়েছে, কফি আনানের ব্যর্থতার পর ব্রাহিমি এ অবস্থায় সফল হবেন কি না এ ব্যাপারে সন্দেহ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭০৫ঘ.
bdnews24