২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসাঞ্জকে নিয়ে আলোচনায় আগ্রহী ইকুয়েডর

ইকুয়েডর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে ব্রিটেনের সঙ্গে খোলাখুলি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

কুইটো, ইকুয়েডর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে ব্রিটেনের সঙ্গে খোলাখুলি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। তবে এর আগে ব্রিটেনকে তাদের লন্ডন দূতাবাসে তল্লাশির হুমকি প্রত্যাহার করে নেওয়ার শর্ত দিয়েছে ক্রুদ্ধ ইকুয়েডর। বিচারের জন্য সুইডেনের কাছে হস্তান্তর এড়াতে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন অ্যাসাঞ্জ। ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় সুইডেন। ইকুয়েডর অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় ঘোষণার পর তাকে সেদেশে যাওয়ার জন্য দূতাবাসের বাইরে বের হওয়ার সুযোগ দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন কোরিয়া। রাজনৈতিক আশ্রয় প্রসঙ্গে কোরিয়া আসাঞ্জকে বলেছেন, সে ‘যতদিন প্রয়োজন’ ইকুয়েডরে থাকতে পারে, তবে তাকে নিয়ে আলোচনা চলবে। জুন থেকে তাদের দূতাবাসে অবস্থান করছেন এই আলোচিত কম্পিউটার হ্যাকার। কোরিয়া জানিয়েছেন, অ্যাসাঞ্জের ভয় সুইডেন থেকে তাকে হয়তো আবারো বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গোপন সামরিক ও কূটনৈতিক নথি ফাঁস করে বৈশ্বিক আলোচনায় এসেছে অ্যাসাঞ্জের উইকিলিকস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৭৫২ ঘ.