হাক্কারি, তুরস্ক, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণপূর্ব তুরস্কের সিরিয়া সীমান্তের কাছে গাজিআনতেপ শহরে সোমবার এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।
গাজিআনতেপ শহরের একটি থানা লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
হামলার জন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) কে দায়ী করেছেন তুরস্কের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ।
সম্প্রচারিত টেলিভিশন ফুটেজে একটি জলন্ত বাস ও আশপাশের এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে আর আহতদের নিয়ে হাসপাতালে ছুটছে অ্যাম্বুলেন্স। উদ্বিগ্ন এলাকাবাসীরা চারপাশে জড়ো হয়ে আছে।
গাজিআনতেপের গভর্নর এরদাল আতা বলেন, “দূর্ভাগ্যজনকভাবে ৮ জন নাগরিককে আমরা হারিয়েছি। প্রায় ৬০ জন আহতকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে।”
দূর-নিয়ন্ত্রকের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন সরকারী কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২১৬ ঘ.
bdnews24