এডেন, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের বন্দর শহর এডেনের গোয়েন্দা সদর দপ্তরে শনিবার গাড়িবোমা ও গ্রেনেড হামলায় অন্তত ১৪ জন ইয়েমেনি সেনা ও নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত সাতজন।
হামলায় গোয়েন্দা দপ্তর ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয়। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের নীচে আরো কয়েকজন চাপা পড়ে আছে বলে অনুমান করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়েমেনের রাষ্ট্রিয় টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষের মালিকানাধীন একটি ভবনে জঙ্গিরা জোর করে প্রবেশ করে ও ভবনটির সামনে পাহারারত একটি সেনাযান উড়িয়ে দেয়।
এরপর তারা পার্শ্ববর্তী তিনতলা গোয়েন্দা দপ্তরে যেয়ে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড হামলা চালায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা এক পাশে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে ভবনটির অংশবিশেষ উড়িয়ে দেয়।
হামলায় ১৪ জন নিহত ও সাতজন আহত হয়েছে, যাদের সবাই গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রিয় নিরাপত্তা বাহিনীর সদস্য, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ও হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা ১৮ জন বলে দাবী করা হয়েছে।
হামলাটিকে ‘অত্যন্ত পরিকল্পিত’ বলে অভিহিত করেছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র। সাধারণত আল কায়েদার জঙ্গিরা এ ধরনের হামলা চালিয়ে থাকে বলে দাবী করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩২৬ ঘ.
bdnews24