কুইটো/লন্ডন, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অভিযান চালানোর হুমকি দিয়েছে যুক্তরাজ্য।
এ হুমকির কড়া প্রতিবাদ জানিয়ে ইকুয়েডর বলেছে, তারা ব্রিটেনের কোনো উপনিবেশ নয়।
ইকুয়েডরের রাজধানী কুইটোয় বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো বলেন, ব্রিটিশ দূতাবাসের এক কর্মকর্তার মাধ্যমে ব্রিটিশ সরকারের একটি চিঠি তাদের হাতে এসেছে।
“আজ আমরা যুক্তরাজ্য সরকারের কাছ থেকে লিখিত হুমকি পেয়েছি যে, আমরা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর না করলে তারা লন্ডনে আমাদের দূতাবাসে হামলা চালাতে পারে।”
“ব্রিটেনের এ বক্তব্য ইকুয়েডর প্রত্যাখ্যান করছে।”
একটি গণতান্ত্রিক, সভ্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের জন্য এ ধরনের হুমকি কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি।
ইকুয়েডরের মন্ত্রী বলেন, “ব্রিটিশ টিঠির ঘোষণা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে তা অগ্রহণযোগ্য ও শত্রুতামূলক কর্মকাণ্ড এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা বলে ইকুয়েডর ধরে নেবে।”
দুই সুইডিশ নারীকে যৌন নিপীড়নের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত জুনে অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের রায় দেয় ব্রিটিশ আদালত। এর কিছুদিন পর হস্তান্তর এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।
তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারের কয়েক লাখ গোপন নথি ফাঁস করে উইকিলিকস। এতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার চরম ব্রিবতকর পরিস্থিতিতে পড়ে।
অ্যাসাঞ্জ মনে করেন, তাকে সুইডেনে হস্তান্তর করা হলে সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে এবং সেখানে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে।
লন্ডনের নাইটব্রিজে ইকুয়েডর দূতাবাসের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। অবশ্য অ্যাসাঞ্জের সমর্থকরাও সেখানে অবস্থান নিয়ে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১১৩৫ ঘ.
bdnews24