২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের তোপের মুখে মমতা

অনেক বিচারের রায় টাকার বিনিময়ে দেয়া হয় বলে মন্তব্য করার পর আইনজীবীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক বিচারের রায় টাকার বিনিময়ে দেয়া হয় বলে মন্তব্য করার পর আইনজীবীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের বিধানসভার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে মমতা বিচার বিভাগের দুর্নীতি নিয়ে এ মন্তব্য করেছেন। সুপ্রিম কোর্টের উকিল হরিশ সালভ বলেছেন, “ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং তিনি নির্বাহী প্রধান।” তিনি বলেছেন, “তার মুখে আইন ব্যবস্থা নিয়ে এমন মন্তব্য মেনে নেয়া যায়না এবং এটা যদি হয় ভারতে গণতন্ত্র চর্চার নমুনা, তবে আমি মনে করি আমাদের সংবিধান ভয়াবহ সংকটের মুখে রয়েছে।” এছাড়া অনেক প্রখ্যাত আইনজীবী মন্তব্য করেছেন, প্রমাণ ছাড়া মমতা এমন অভিযোগ করতে পারেন না, এনডিটিভি এ খবর জানিয়েছে। সংবিধান বিশেষজ্ঞ পি পি রাও বলেছেন, “এটি একটি দায়িত্ব-জ্ঞানহীন মন্তব্য। তার কাছে যদি প্রমাণ থাকে যে বিচারকরা টাকা নেয় তবে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আক্রমণাত্মক মন্তব্য করা কোন কাজের কথা নয়।” সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজী বলেছেন, “অবশ্যই এটা দায়িত্ব-জ্ঞানহীন মন্তব্য। একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন ভাষা নিন্দনীয়।” এদিকে আইনজীবীদের কড়া সমালোচনার মুখে পড়া মমতার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় আইনমন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ বলেছেন, আইন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি একথা বলেছেন। তিনি বলেছেন, আমি জানিনা কোন প্রেক্ষিতে মমতা একথা বলেছেন। তবে আমি বিশ্বাস করি বিচার ব্যবস্থাকে দৃঢ় করার লক্ষ্যেই এমন মন্তব্য করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯০১ ঘ.