ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় আধা সামরিক বাহিনী গড়ে তোলা এবং তাদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই চালানোর জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ-এর চেয়ারম্যান জেনারেল মার্টিন ডিম্পসে জানান, এই আধা সামরিক বাহিনীকে দেশটির সেনা বাহিনীর ওপর থেকে চাপ কমাতে প্রশিক্ষিত করা হচ্ছে।
সিরিয়াকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র উলে¬খ করে তেহরান দেশটির ভেঙ্গে যাওয়া মেনে নেবে না।
জেনারেল ডিম্পসে জানিয়েছেন, দীর্ঘ ১৮ মাস ধরে লড়াই করে সিরিয়ার সেনা বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, “তাদের পুনরায় রসদ সরবরাহের সমস্যা রয়েছে, আদর্শিক সমস্যা রয়েছে। আর এই বিষয়টি ঘটেছে দীর্ঘদিন ধরে লড়াই করার কারণে।”
তিনি জানান, ইরান সিরিয়ার শিয়া মুসলিমদের প্রশিক্ষণ দিয়ে একটি আধা সামরিক বাহিনী গঠনে সহায়তা করেছে।
একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা জানান, তিনি নিশ্চিত হয়েছেন, সিরীয় সরকারকে ইরান অন্যান্য সহায়তা করার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েও সহায়তা করছে।
প্যানেট্টা বলেন, “আমরা ভাবিনি ইরান এই সময়ে এমন ধরনের ভূমিকা গ্রহণ করবে।”
তিনি আরো বলেন, “আর এই বিষয়টি সিরিয়ার হত্যাকাণ্ড আরো বাড়িয়ে তুলেছে। তারা এমন একটি সরকারকে সহায়তা করার চেষ্টা করছে, যে সরকারের পতন ঘটতে যাচ্ছে।”
মূলত সিরিয়ার সুন্নি মুসলিম বিদ্রোহীরাই বাশার আল আসাদ সরকারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান করে। লড়াইরত সুন্নি বিদ্রোহীরা সুন্নি শাসিত সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন পাচ্ছে।
শিয়া শাসিত ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে কারণ আসাদ আলাউতি গোত্রের সদস্য, যে গোত্রটি শিয়া মুসলিম স¤প্রদায়ভুক্ত।
এদিকে, সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ইসলামি রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসির শীর্ষ সম্মেলন থেকে ইরানের বিরোধিতার পরও সিরিয়ার সদস্যপদ স্থগিতের ঘোষণা আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
৫৭ সদস্যরাষ্ট্রের সংগঠন ওআইসির সম্মেলনে ইতোমধ্যে সিরিয়া বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছে।
সৌদি টেলিভিশনে স¤প্রচারিত ফুটেজে দেখা গেছে, সৌদি বাদশা আবদুল¬াহ বিভিন্ন দেশ থেকে আগত নেতাদের স্বাগত জানাচ্ছেন। এ সময় তার পাশে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও ছিলেন। তারা পরস্পরের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24