২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প: সমালোচনার মুখে ইরান সরকার

ভূমিকম্প পরবর্তী কর্মতৎপরতা নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইরান সরকার। ২৪ ঘন্টারও কম সময়ের উদ্ধারকাজ, অপ্রতুল ত্রাণ সরবরাহ এবং প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিদেশ সফর নিয়ে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

দুবাই, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প পরবর্তী কর্মতৎপরতা নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইরান সরকার। ২৪ ঘন্টারও কম সময়ের উদ্ধারকাজ, অপ্রতুল ত্রাণ সরবরাহ এবং প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিদেশ সফর নিয়ে অভিযোগ উঠেছে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের ‘পূর্ব আজারবাইজান’ প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকালে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা সোমবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩০৬ জনে। এ দুর্যোগের ২৪ ঘন্টা না পেরোতেই কর্মকর্তারা রোববার অনুসন্ধান ও উদ্ধার অভিযান বাতিল ঘোষণা করেন। জীবিত সবাইকেই উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। কিন্তু স্থানীয় লোকজন এতে অসন্তোষ প্রকাশ করেছে। এত তাড়াতাড়ি প্রত্যন্ত গ্রামগুলোতে কর্তৃপক্ষ ঠিকভাবে অভিযান চালাতে পেরেছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে জনগণ। তাছাড়া, বিভিন্ন গণমাধ্যমের খবরেও বেশকিছু মানুষ নিখোঁজ থেকে যাওয়া এবং আরো কিছু এলাকায় জরুরি সাহায্য দরকার বলে জানানো হয়েছে। ভুমিকম্পবিধ্বস্ত অঞ্চলে প্রয়োজনীয় তাঁবু সরবরাহে ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পার্লামেন্টের সংবাদ সংস্থা আইসিএএনএ। ওদিকে, উদ্ধার তৎপরতা সম্পর্কে এক ডাক্তার বলেছেন, দুর্যোগের প্রথম কয়েক ঘণ্টায় সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের চেয়ে সাধারণ মানুষই স্বেচ্ছাসেবক হয়ে কাজ করেছে বেশি। তিনি আরো বলেন, “আমি পুরো এলাকাটাই ভালোভাবে চিনি। এখানে এমন কিছু জায়গা আছে যেখানে গাড়িতে করেও যাওয়া যায় না। কাজেই এত তাড়াতাড়ি উদ্ধারকাজ শেষ করা সম্ভব না।” ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে আহার শহরের চারপাশের ভারজাঘান ও প্রধান নগরী তাবরিজের কাছে হারিস গ্রামে। ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পে ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রায় ৬০টি গ্রামে অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। জনগণের এমন অসহায় মুহূর্তে সোমবার সৌদি আরবে ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পরিকল্পিত সফরে যাওয়া নিয়েও সমালোচনার ঝড় বইছে। তিনি জনগণের প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ‘আহমাদিনেজাদ, কোথায় গেছেন আপনি?’ শীর্ষক সম্পাদকীয়তে আসর-ই ইরান পত্রিকা ভূমিকম্পের দু’দিন না পেরোতেই ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে আহমাদিনেজাদের দেশত্যাগের সমালোচনা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৫৫৯ঘ.