কুইটো, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি সপ্তাহেই উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে ইকুয়েডর। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া সোমবার এ কথা জানিয়েছেন।
এক টেলিভিশন সাক্ষাৎকারে কোরেয়া বলেন, “সুইডেনের আইনি প্রক্রিয়া আমাদের পর্যালোচনা করতে হবে। আমাদের বিবেচনা করতে হবে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা কতটুকু, যেখানে (যুক্তরাষ্ট্র) গোপন আদালতে বিচারের মাধ্যমে তাকে (অ্যাসাঞ্জ) মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।”
তিনি আরো বলেন, “আশা করছি বুধবার আমরা বৈঠকে বসবো (দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনোর সঙ্গে) এবং আশা করছি চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই এ ব্যাপারে একটি ঘোষণা আমি দিতে পারবো।”
বামপন্থী কোরেয়া জানিয়েছেন, তিনি অ্যাসাঞ্জের ব্যাপারে সহানুভূতিশীল। কিন্তু যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইনের প্রতিও তিনি শ্রদ্ধা পোষণ করছেন।
তিনি আরো জানিয়েছেন, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের জন্য ইতোমধ্যে তার সরকার পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্র কিংবা সুইডিশ কর্তপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি। সুইডেনের আইন কর্মকর্তারা দুই সুইডিশ নারীর ধর্ষণ মামলার অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চান।
ওই দুই সুইডিশ নারী অভিযোগ করেছেন ২০১০ সালে অ্যাসাঞ্জ তাদের ধর্ষণ করেছেন। কিন্তু অ্যাসাঞ্জ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাদের সম্মতিতেই তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।
তবে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর করা হলে তিনি কীভাবে ইকুয়েডর যাবেন। কূটনৈতিক আইন অনুযায়ী যুক্তরাজ্যের পুলিশ লন্ডনের ইকুয়েডরের অনুমতি ছাড়া দূতাবাসে প্রবেশ করতে পারছে না। কিন্তু গ্রেপ্তার এড়িয়ে লন্ডনের অনাপত্তি ছাড়া অ্যাসাঞ্জ কোনো বিমানের যাত্রীও হতে পারবেন না।
গত মাসে অ্যাসাঞ্জের আশ্রয় মঞ্জুর করার অনুরোধ জানাতে তার মা ইকুয়েডরের প্রেসিডেন্ট কোরেয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
চলতি বছরের ১৯ জুন সুইডেনে হস্তান্তরের পদক্ষেপ থেকে বাঁচতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।
ইরাকযুদ্ধ সম্পর্কিত যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকস।
তার এই কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সরকার বিব্রতকর অবস্থায় পড়ে। এর ফলশ্র“তিতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশের রোষের মুখে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৭ ঘ.
bdnews24