ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলনরত যোগগুরু বাবা রামদেবকে আটক করেছে পুলিশ।
দুর্নীতি বন্ধ ও বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিতে সোমবার কয়েক হাজার সমর্থক নিয়ে ভারতের পার্লামেন্ট অভিমুখে যাত্রা করলে তাকে আটক করা হয় বলে টাইমস অফ ইন্ডিয়া জানায়।
নয়া দিল্লির রামলীলা ময়দান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে রনিজিৎ সিং ফ্লাইওভার এলাকা থেকে দুপুর পৌনে ৩টার দিকে তাকে আটক করে পুলিশ। এই রামলীলা ময়দানেই অনুসারীদের নিয়ে গত পাঁচ দিন ধরে অনশন করছিলেন তিনি।
আটক হওয়ার আগে সমর্থকদের উদ্দেশে রামদেব বলেন, “সহিংসতা ও অস্থিরতা সৃষ্টির কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা আইনশৃঙ্খলা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সরকারের নির্দেশে পুলিশ আমাদের বাধা দিচ্ছে।”
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের আটক করে নয়া দিল্লির রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়ামে নেওয়া হচ্ছে। সেখানে তাদের আটক রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫৪৮ ঘ.
bdnews24