ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের লাঘমান প্রদেশের আলিশাঙ্গ জেলার প্রশাসক রাস্তার পাশে পেতে রাখা বোমায় নিহত হয়েছেন। এতে তার তিন দেহরক্ষীও মারা গেছেন।
লাঘমান প্রদেশের সরকারের মুখপাত্র সারহাদি জেওয়াকের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
একটি বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে আলিশাঙ্গ জেলা প্রশাসক ফরিদুল¬াহ নিয়াজি তার টয়োটা করোলা গাড়িতে করে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে পেতে রাখা বোমায় তাকে বহনকারী গাড়িটি বিস্ফোরিত হয়।
তবে এটি দূরনিয়ন্ত্রিত বোমা ছিল কি না এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুখপাত্র জেওয়াক বলেন, কর্তৃপক্ষ ধারণা করছে, নিয়াজি জঙ্গিদের সরাসরি লক্ষ্যে পরিণত হয়েছিলেন।
আফগানিস্তানে চলতি বছর এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে গেছে। বিষয়টি নিয়ে বিপাকে রয়েছে আফগান ও দেশটিতে নিয়োজিত বিদেশি বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৪ ঘ.
bdnews24