আলেপ্পো, অগাস্ট, ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সুরক্ষায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) এবং জর্ডান ও তুরস্ক সীমান্তের কাছে একটি নিরাপদ জায়গাও প্রয়োজন। সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) প্রধান আব্দুলবাসেত সিদা রোববার একথা বলেন।
আলপ্পোয় এখনো চলছে তুমুল লড়াই। বিদ্রোহীরা সেখানে সেনাদের ট্যাংক, গোলা এমনকি গুপ্তঘাতকদেরর হামলার শিকার হচ্ছে।
আব্দুলবাসেত বলেন, আসাদ বাহিনীর বিমান হামলা প্রতিহত করতে কোনো নো ফ্লাই জোন না থাকায় বিদ্রোহীদের চলাফেরা বিঘিœত হচ্ছে। যুক্তরাষ্ট্র তা উপলব্ধি করেছে।
সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে কাজ করবে এবং প্রয়োজনে নো ফ্লাই জোন চালুর বিষয়টিও ভেবে দেখবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একথা বলার পর আব্দুলবাসেত এ পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানালেন।
ইস্তাম্বুল থেকে টেলিফোনে রয়টার্সকে আব্দুলবাসেত বলেন, “অনেক এলাকাই মুক্ত করা হচ্ছে। কিন্তু সেনাদের গোলা আর বোমা হামলার পাশাপাশি বিমান হামলাটাই সমস্যা।”
সিরিয়ায় লড়াই তীব্র হতে থাকায় এ মুহূর্তে করণীয় নিয়ে আলোচনা করতে সৌদি আরবের জেদ্দায় রোববার জরুরি বৈঠক ডাকে আরব লিগ।
সিরিয়ায় ছয় দফা শান্তি পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এ মাসের শুরুর দিকে পদত্যাগ করেন আন্তর্জাতিক শান্তিদূত কফি আনান। ফলে পরবর্তী দূত নিয়োগ করার বিষয়টিই হয়ে ওঠে বৈঠকের মূল আলোচ্য।
ওদিকে, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক একযোগে সিরিয়া নিয়ে কাজ করার কথা জানায় শনিবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর।
সিরিয়ার বিদ্রোহীদের আরো ভালোভাবে সহায়তা করা নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু।
বৈঠক শেষে তুরস্ক সফররত হিলারি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় যত দ্রুত সম্ভব রক্তক্ষয় বন্ধে দু’দেশ একসঙ্গে কাজ করবে।
প্রয়োজনে নো ফ্লাই জোন চালুর সম্ভাবনা নিয়েও দু’নেতা আলোচনা করেছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২৩৫৫ঘ.
bdnews24