ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মঙ্গলের জন্যই মিশরের দুই শীর্ষ জেনারেলকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
দেশের প্রভাবশালী সশস্ত্র বাহিনী প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতওয়ি এবং সামরিক বাহিনীর চিফ-অব-স্টাফ সমি আনানকে রোববার পদত্যাগ করে অবসরে যাওয়ার নির্দেশ দেন মুরসি।
তাৎক্ষণিকভাবে এর কারণ না জানালেও এখন বিষয়টি এভাবেই ব্যাখ্যা করলেন তিনি।
এক ভাষণে মুরসি বলেন, “আমি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে এ সিদ্ধান্ত নেইনি। কোনো প্রতিষ্ঠানকে বিব্রতও করতে চাইনি। স্বাধীনতা খর্ব করাও আমার লক্ষ্য নয়।”
“আমার এ সিদ্ধান্তের মানে কারো সম্পর্কে নেতিবাচক কোনো বার্তা দেওয়া নয়। বরং জাতি ও জনগণের উপকারার্থেই আমি একাজ করেছি, এটাই আমার লক্ষ্য।”
সশস্ত্র বাহিনীর প্রসংশা করে মুরসি বলেন, “তারা এখন দেশ ও জনগণকে সুরক্ষা দেওয়ার কাজে মনোনিবেশ করতে পারবে।”
এর আগে রোববার মুরসির মুখপাত্র তানতাওয়ির স্থলে নতুন একজনকে নিয়োগের কথা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “আজ থেকে ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়িকে অবসরে পাঠানো হল। তার জায়গায় সশস্ত্র বাহিনী প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন জেনারেল আব্দুলফাত্তাহ সিসি।”
তিনি আরো জানান, আনানের স্থলাভিষিক্ত করা হয়েছে সিদকি সবি কে।
রোববার মুরসি দুই জেনারেলকে সরানোর পাশাপাশি প্রেসিডেন্টের ক্ষমতা খর্বকারী সাংবিধানিক সংশোধনীও বাতিল করেন। যে সংশোধনী এনেছিল সামরিক পরিষদ।
জুনে নির্বাচিত মিশরের প্রেসিডেন্ট মুরসি ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সদস্য। গত বছর প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে ব্রাদারহুড ও সেনাবাহিনীর সম্পর্কে টানাপোড়েন চলছে।
মুরসি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে মিশরের ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ (স্কাফ) নানাভাবে তাকে (মুরসিকে) হয়রানির মুখে ফেলেছিল।
প্রেসিডেন্টের ইসলামপন্থী জোটের নেতৃত্ব¡াধীন পার্লামেন্ট বাতিল ঘোষণাও করেছিল সামরিক পরিষদ।
গত বছর ফেব্র“য়ারিতে মুবারকের পতনের পর সেনাপ্রধান হিসাবে তানতাওয়ি মিশরের অন্তবর্তী শাসকের ভূমিকা পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৫ঘ.
bdnews24