জেরুজালেম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরান জোরকদমে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ করছে। এমনটিই বলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে।
এ সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কয়েকজন কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য তুলে ধরেছে ইসরায়েলি পত্রিকাগুলো।
নাম প্রকাশ না করে ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের হারেজ পত্রিকা বলেছে, ওবামা প্রশাসনের জাতীয় গোয়েন্দা মূল্যায়নে ইরানের সর্বশেষ একটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র আধুনিকায়নের কথা বলা হয়েছে। যা জাতিসংঘ অস্ত্রপরিদর্শকরাও জানেন না।
ওদিকে, ইসরায়েল সরকারপন্থি হেয়ম পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জোরেসোরে পরমাণু কর্মসূচি এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডও উন্নত করছে তারা।
ইসরায়েল নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে চায় বলে জানানোর পর তেহরানের পরমাণু অস্ত্র উন্নয়নের এ প্রতিবেদন প্রকাশ করল পত্রিকা দুটি।
এতে করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে দেশটিতে ইসরায়েলের শিগগিরই হামলা চালানোর বিষয়টি নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে।
আর হামলার পক্ষে জনমত জোরদার হলে ইরান সঙ্কট কূটনৈতিক পন্থায় সমাধানে আরো সময় দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জানানো আবেদন ভেস্তে যাওয়ারও আশঙ্কা আছে।
তবে কোনো পত্রিকাই তাদের প্রতিবেদনে সরাসরি কোনো উদ্ধৃতি এবং বিস্তারিত তথ্য-প্রমাণ দেয়নি। আর ইসরায়েল সরকারের মুখপাত্রও এ প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএলকিউ/২০২০ঘ.
bdnews24