২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বীপ বিরোধ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে জাপান

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের শরণাপন্ন হবে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের শরণাপন্ন হবে জাপান। মালিকানা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপটিকে জাপান ডাকে ‘তাকেশিমা’ নামে। আর দক্ষিণ কোরিয়া ডাকে ‘দোকদো’ নামে। বিতর্কিত এ দ্বীপে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাকের সফর নিয়ে সম্পর্কে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপটে জাপান বিষয়টি আন্তর্জাতিক আদালতে তোলার সংকল্প নিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইচিরো গেম্বা শনিবার বলেছেন,“আমাদেরকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এ বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে।” জাপান সাগরে কোটি কোটি ডলারের প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ ওই দ্বীপটিকে দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসাবে লি শুক্রবার প্রথম দ্বীপটিতে যান। দ্বীপটি সফর না করার জাপানের অনুরোধের তোয়াক্কা করেন নি লি। সফরকালে তিনি বলেন, “দোকদো আমাদের অঞ্চল। একে কড়া পাহারা দিয়ে রাখতে হবে আমাদেরকেই।” এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাপান দক্ষিণ কোরিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। একইসঙ্গে লি এর পদক্ষেপের কড়া প্রতিবাদ জানাতে সিউলের রাষ্ট্রদূতকে টোকিওয় ডেকে পাঠায় জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী গেম্বা বলেন, “এর বিরুদ্ধে আমরা শিগগিরই ব্যবস্থা নেব। জাপান সরকার এতদিন দুদেশের সম্পর্কে এ ধরনের ব্যবস্থার প্রভাব কি হতে পারে সেকথা চিন্তা করে এসেছে।” “কিন্তু এখন আবার তাকেশিমায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সফরের পর আন্তর্জাতিক আদালতে মামলা করা জরুরি হয়ে পড়েছে। আমাদেরকে আদালতে আমাদের অবস্থান জানাতেই হবে,” বলেন তিনি। দক্ষিণ কোরিয়া এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, জাপান ‘দোকদো’ ইস্যুকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার বাধার মুখে বিষয়টি হেগ আদালতে তোলা জাপানের জন্য কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬২৯ঘ.