২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ভূমিকম্পে নিহত প্রায় ৩০০

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দফা ভূমিকম্পে প্রায় ৩শ’ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২ হাজার ৬শ’ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 03:40 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দফা ভূমিকম্পে প্রায় ৩শ’ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২ হাজার ৬শ’ মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানের স্থানীয় সময় শনিবার বিকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে আহার শহরের চারপাশের ভারজাঘান ও প্রধান নগরী তাবরিজের কাছে হারিস গ্রামে। . আহার এর স্থানীয় গভর্নর রেজা সাদিঘি বলেছেন, প্রায় ৩ শ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করছেন তারা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স একথা জানিয়েছে। ওদিকে, রেড ক্রিসেন্টের কর্মকর্তা আহমেদ রেজা সাজি আইএসএনএ বার্তা সংস্থাকে কে জানান, তার ধারণা ভূমিকম্পে ২ হাজার ৬শ মানুষ আহত হয়েছে। এর আগে ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী হাসান ঘাদামি ভূমিকম্পে ২৫০ জন নিহত এবং আঠারশ’ মানুষ আহত হওয়ার কথা জানান। ভূমিকম্পের পরাঘাতের আতংকে হাজার হাজার মানুষ শনিবার রাতে রাস্তায় বা তাবুতে রাত কাটিয়েছেন। এ পর্যন্ত ৪০টির মতো পরাঘাত টের পাওয়া গেছে। ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পে ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রায় ৬০টি গ্রামে অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে প্রাণপ্রণ চেষ্টা চালাচ্ছেন। ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে প্রায় ১১০০ রেড ক্রিসেন্ট কর্মী। দুর্গতদের জন্য ৪৪ হাজার খাবারের প্যাকেট এবং আশ্রয়ের জন্য ৫ হাজার ৬শ তাঁবু পাঠানো হয়েছে। তেহরানের কর্মকর্তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরকে সহমর্মিতা জানিয়েছেন। পাশপাশি ভূমিকম্প বিধ্বস্ত প্রদেশটিতে দু’দিনের শোক ঘোষণা করা হয়েছে। ১৬ হাজার মানুষকে ইতোমধ্যেই জরুরি আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট এর কর্মকর্তা মাহমুদ মোজাফর। ত্রাণ তৎপরতা জোরদার করা না গেলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে সতর্ক করেছেন ইরানের আইনপ্রণেতা মোহাম্মদ হাসান-নেজাদ। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে ভারজাগান ও আহার শহরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর বলছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৫৩ মিনিটে প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল তাবরিজ শহরের ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ভূ-পৃষ্ঠের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে। এর ১১ মিনিটের মাথায় হওয়া দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্র ছিল তাবরিজের ৪৯ কিলোমিটার উত্তরপূর্বে। ভার্জান শহরের কাছে দ্বিতীয় ভূমিকম্প হয় জানিয়ে সংবাদ সংস্থা ফার্স বলেছে, “এ ভূমিকম্প এতো শক্তিশালী ছিল যে, আতঙ্কে সবাই রাস্তায় বের হয়ে আসে।” আহার শহরের বাসিন্দা আব্বাস ফাল¬াহর উদ্ধৃতি দিয়ে ইরানের আধা সরকারি মেহর বার্তা সংস্থা জানায়, ভূমিকম্পে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। এর আগে ২০০৩ সালে ইরানের বাম শহরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৫৭ ঘ.