২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, আলেপ্পোয় লড়াই চলছে

সিরিয়ায় ওয়েল আল-হাল্কিকে বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ওদিকে, আলেপ্পোয় এখনো চলছে সেনা-বিদ্রোহী লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

সিরিয়া, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় ওয়েল আল-হাল্কিকে বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ওদিকে, আলেপ্পোয় এখনো চলছে সেনা-বিদ্রোহী লড়াই। আলেপ্পোর কয়েকটি এলাকায় নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে সরকারি বাহিনী। সালাহাদ্দিন এলাকাকে কেন্দ্র করে চলছে লড়াই। আলেপ্পোর সরকারি বাহিনীর বেপরোয়া অভিযানের মুখেই গত সোমবার প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব পক্ষত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে জর্ডানে চলে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন আল-হাল্কি। হিজাবের সরকার পক্ষত্যাগে রাজনৈতিক সঙ্কটে পড়া আসাদ আলে্েপ্পায় হামলা আরো জোরদার করেন। বুধবার আলেপ্পোর সালাহাদ্দিন পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসারও দাবি করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। কিন্তু বিদ্রোহীরা এ দাবি অস্বীকার করে বলেছে, তারা পাল্টা হামলা চালিয়ে বৃহস্পতিবার এলাকাটি পুনর্দখল করেছে। বিদ্রোহীরা জানায়, সালাহাদ্দিন থেকে সেনাবাহিনী পিছু হটেছে। এখন এলাকাটি ঘিরে কয়েকটি জায়গায় লড়াই চলছে। বিদ্রোহী ব্রিগেড কমান্ডার আবু আলী বলেন, বুধবার সেনাদের বিরুদ্ধে বিদ্রোহী বাহিনীর ৪শ’ যোদ্ধা লড়াই করেছে। জানান সালাহাদ্দিনের কয়েকটি এলাকা এখন বিদ্রোহী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মির দখলে বলেও জানান তিনি। তবে আলেপ্পো বিদ্রোহীমুক্ত করতে সেনাবাহিনী অন্যান্য আরো কয়েকটি অবস্থানে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাছাকাছি বিমানবন্দরসহ পূর্বাঞ্চলীয় আরো কয়েকটি এলাকা এবং আলেপ্পোর উত্তর-পশ্চিম উপকণ্ঠের একটি শহরে বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে সেনারা। এ পরিস্থিতির মধ্যে সিরিয়া নিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে মিত্র দেশ ইরান। তবে এ বৈঠকে কোন কোন দেশ অংশ নেবে তা স্পস্ট জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬৩০ঘ.