ত্রিপোলি, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাসীন পরিষদ (এনটিসি) নির্বাচিত নতুন জাতীয় পরিষদের কাছে বুধবার ক্ষমতা হস্তান্তর করেছে। দেশটির আধুনিক সময়ের ইতিহাসে এটিই প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর।
ত্রিপোলিতে মধ্যরাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জাতীয় পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে এনটিসি।
এনটিসির চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিল প্রতীকী ভাবে জাতীয় পরিষদের সর্বজ্যেষ্ঠ সদস্য মোহাম্মেদ আলি সেলিমের হাতে ক্ষমতা অর্পন করেন।
লিবিয়ার দীর্ঘসময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই অর্ন্তর্বতী পরিষদ সরকার পরিচালনা করে আসছিল। চলতি বছরের জুলাই মাসে দেশটিতে ২শ’ আসনের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে দেওয়া ভাষণে এনটিসি প্রধান জলিল বলেন, “জাতীয় অর্ন্তর্বতীকালীন পরিষদ সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য সাধারণ জাতীয় পরিষদের কাছে দায়িত্ব অর্পন করেছে। আর এই পরিষদই এখন থেকে এই ভূখণ্ডে লিবীয় জনগণের বৈধ প্রতিনিধি।”
২শ’ সদস্যের নির্বাচিত জাতীয় পরিষদ সর্বজ্যেষ্ঠ সদস্য সেলিমের নেতৃত্বে সবাই শপথ নেন। ওই অনুষ্ঠানের পরই জাতীয় পরিষদের চেয়ারম্যান নির্বাচনের জন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
ত্রিপোলির শহীদ (মার্টিয়ার্স) চত্বরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে আকাশে আতশবাজি পুড়িয়ে ক্ষমতা হস্তান্তরের এই অনুষ্ঠান উদযাপন করে।
জাতীয় পরিষদ একজন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আর ওই প্রধানমন্ত্রী দেশ পরিচালনার জন্য মন্ত্রিসভা গঠন করবেন। এই সরকারের অধীনেই নতুন সংবিধান প্রণয়ন ও আগামী বছর দেশটিতে পূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় পরিষদে দেশটির যুদ্ধকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিলের নেতৃত্বাধীন জোট দলগুলোর জন্য সংরক্ষিত ৮০ আসনের মধ্যে ৩৯টি আসনে জয় লাভ করে। ওই জোটের রাজনৈতিক প্রতিপক্ষ আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের লিবীয় শাখা ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টি ১৭টি আসনে জয় পেয়েছে।
বাকি ১২০ আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৬ ঘ.
bdnews24