ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন ড্রোন হামলার প্রতিবাদ জানাতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ার পর ইমরান খানকে হত্যার হুমকি দিয়েছে তালেবান।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের ওই এলাকায় তালেবানের শক্ত ঘাঁটি রয়েছে। তালেবানবিরোধী অভিযানের অংশ হিসেবে সেখানে প্রায়ই চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এর প্রতিবাদে আগামী সেপ্টেম্বরে কয়েক হাজার মানুষ নিয়ে ওয়াজিরিস্তান অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।
কিন্তু পাকিস্তানের দৈনিক ডন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেকে ‘উদারপন্থী’ ঘোষণা করা ইমরান ওই এলাকায় গেলে তার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন তালেবান মুখপাত্র আহসানউল্লাহ আহসান।
তালেবান মুখপাত্র সাংবাদিকদের বলেন, “আমরা তাকে হত্যা করব।”
দীর্ঘদিন ধরে সহিংসতা ও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে তালেবানবিরোধী কথাবার্তা না বলে বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতা রাখায় পাকিস্তান সরকারের সমালোচনা করে আসছেন ইমরান খান। তাকে এভাবে হুমকি দেওয়ার বিষয়টি অনেককেই বিস্মিত করেছে।
বিভিন্ন সময়ে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান নিজেকে একজন ‘উদারপন্থী মুসলমান’ হিসাবে তুলে ধরেছেন।
এ কারণে তার সহায়তা তালেবানদের দরকার নেই জানিয়ে আহসান বলেন, “কোনো কাফেরের কাছ থেকে আমরা কোনো সহায়তা বা সমবেদনা নেব না। আল্লাহর সহায়তায় আমরা নিজেরাই লড়াই করতে পারি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১১৫০ ঘ.
bdnews24