ম্যানিলা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টির কারণে বন্যায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ দুর্যোগে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বন্যার কারণে বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, কার্যালয় ও শেয়ার বাজারও বন্ধ রয়েছে। শহরের কোন কোন স্থানে গলা পর্যন্ত পানি উঠেছে।
কোয়েজন শহরে ভূমিধসে চালাঘর ভেঙে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে এক সরকারি প্রতিবেদনে।
রাজধানী ও এর আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাইওয়ানের ৩শ’ কিলোমিটার উত্তরপূর্বে সৃষ্ট ঝড় হাইকুই এর প্রভাবে ম্যানিলায় আরো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে।
ম্যানিলায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অবিরাম বৃষ্টিতে অনেকেই উদ্বিগ্ন। ২০০৯ সালে টাইফুন কেটসানার পর ম্যানিলায় এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪০ঘ.
bdnews24