২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ সাম্রাজ্য পতনের মুখে: যুক্তরাষ্ট্র

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সাম্রাজ্য পতনের মুখে; প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব সরকার পক্ষ ছেড়ে বিরোধীপক্ষে যোগ দেওয়ার ঘটনা থেকেই সে ইঙ্গিত স্পষ্ট বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সাম্রাজ্য পতনের মুখে; প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব সরকার পক্ষ ছেড়ে বিরোধীপক্ষে যোগ দেওয়ার ঘটনা থেকেই সে ইঙ্গিত স্পষ্ট বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। (আরো তথ্যসহ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র প্যাট্রিক ভেণ্ট্রেল বলেন, সিরিয়া সাম্রাজ্য যে ভেতর থেকে ভেঙে পড়ছে এবং আসাদ ক্ষমতার নিয়ন্ত্রণ হারাচ্ছেন প্রধানমন্ত্রীর পক্ষত্যাগেই সে আভাস পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নিও বলেন, এ ঘটনা আসাদের ক্ষমতার নিয়ন্ত্রণ হারানোরই লক্ষণ। তিনি আরো বলেন, “তিনি (আসাদ) নিজস্ব বলয়ে ঐক্য ধরে রাখতে না পারলে এর মানে হচ্ছে, তিনি সিরিয়ার জনগণকেও শুধু বন্দুকের নলের মুখে নিজ নিয়ন্ত্রণে রাখতে পারবেন না।” হোয়াইট হাউজ আবারো আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে বলে খবর দিয়েছে আল-জাজিরা। গত বছর মার্চ থেকে আসাদ সরকারের পতনের জন্য বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সরকারী বাহিনীর সংঘর্ষে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার হিজাবের বরখাস্তের খবর প্রচারের পর হিজাব তার মুখপাত্র মুহাম্মদ এল-ইত্রি’র বরাত দিয়ে বিরোধীপক্ষে যোগ দেওয়ার ঘোষণা দেন। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, চার দশকের আসাদ পরিবারের শাসন ভেঙে যাচ্ছে। আসাদ সরকারের মধ্যে হিজাবই হচ্ছেন সবচেয়ে উচ্চ-পদস্থ কর্মকর্তা যিনি পক্ষ ত্যাগ করে জর্ডান চলে গেছেন। কিন্তু তার এ পক্ষত্যাগেও সিরিয়ায় পরিস্থিতি বদলায়নি। বৈঠক হয়েছে নতুন মন্ত্রিসভার। চলছে লড়াইও। ওদিকে, সঙ্কট সামাল দেওয়ার চেষ্টায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে ইরান। আসাদের সঙ্গে আলোচনার আলোচনার জন্য ইরান ইতোমধ্যেই একজন প্রতিনিধিও পাঠিয়েছে। সিরিয়ার টেলিভিশনে ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাঈদ জলিলি সঙ্গে বৈঠক করতে দেখা গেছে আসাদকে। হিজাবের পক্ষত্যাগের পরদিন তাকে টিভিতে দেখা গেল। দামেস্কে পৌঁছে জলিলি বলেন, কেবলমাত্র ‘সিরিয়া সমাধানই’ সঙ্কটের অবসান ঘটাতে পারে। সিরিয়া পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একটি জরুরি আন্তর্জাতিক বৈঠক ডাকার পরিকল্পনা করছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৫ঘ.