নয়া দিল্লি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে উপরাষ্ট্রপতি পদে পুনর্র্নিবাচিত হয়েছেন হামিদ আনসারী। এস রাধাকৃষ্ণনের পর তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই পদে টানা দ্বিতীয়বার দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার প্রার্থী হামিদ আনসারী মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৯০ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জিতে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়।
তার প্রতিদ্বন্দ্বী জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) প্রার্থী যশোবন্ত সিং পেয়েছেন ২৩৮ ভোট।
লোকসভা ও রাজ্যসভার ৭৮৮ জন সদস্যের মধ্যে ৭৩৬ জন ভোট দিয়েছেন। জয়ের জন্য হামিদ আনসারীর প্রয়োজন ছিল ৩৭৭ ভোট।
গত মাসে রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হল। এখন ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে আসীন দুই ব্যক্তিরই জন্মস্থান পশ্চিমবঙ্গ।
আলীগড় মুসলিম ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ৭৫ বছর বয়সি হামিদ আনসারী ২০০৭ সালে অপ্রত্যাশিতভাবেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
তখন হামিদ আনসারীর নাম প্রস্তাব করেছিল বাম ফ্রন্ট, যা গ্রহণ করেছিল মোর্চার বৃহত্তম শরিক কংগ্রেস। ওই সময় বাম ফ্রন্ট সংযুক্ত প্রগতিশীল মোর্চায় থাকলেও পরে তারা ওই জোট ছেড়ে যায়।
পদ্মশ্রী খেতাবধারী হামিদ আনসারীর জন্ম ১৯৩৭ সালের ১ এপ্রিল কলকাতায়। ১৯৬১ সালে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে জাতিসংঘ ছাড়াও বিভিন্ন দেশে কাজ করেছেন তিনি।
হামিদ আনসারী ভারতের জনপ্রশাসন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পাঞ্জাব ইউনিভার্সিটির উপাচার্যও ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/২১১৯ ঘ.
bdnews24