জাপান, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিরোশিমায় বিশ্বের প্রথম পরমাণু বোমা হামলার ৬৭ বছর পূর্তি পালিত হয়েছে জাপানে। দেশজুড়ে পরমাণু শক্তির বিরুদ্ধে জোরালো জনমত এবং বিক্ষোভের মধ্যে সোমবার হিরোশিমার পিস পার্কে সমবেত হয় প্রায় ৫০ হাজার মানুষ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের এটম বোমা হামলায় নিহত হয়েছিল ১ লাখ ১৪ হাজার মানুষ।
সেই হামলাস্থলের কাছেই গড়ে ওঠা পিস মেমোরিয়াল পার্কে সমবেত হয়ে মানুষ এদিন এক মিনিট নীরবতায় স্মরণ করেছে মর্মান্তিক ওই মুহূর্তটিকে। বোমা হামলার মুহূর্তটিতে বেল বাজিয়ে শুরু হয় নীরবতা পালন।
এরপর পরমাণু শক্তি-মুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন হিরোশিমার মেয়র কাজুমি মাৎসুই।
হিরোশিমায় পরমাণু বোমা হামলার নির্দেশ দেওয়া তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নাতি ক্লিফটন ট্রুম্যান ড্যানিয়েলও যোগ দেন সোমবারের এ স্মরণানুষ্ঠানে। অন্যান্য আরো প্রায় ৭০ টি দেশের প্রতিনিধিও অনুষ্ঠানে যোগ দেয়। ফুলে ফুলে ভরে ওঠে হিরোশিমার শিখা অনির্বাণ চত্বর।
হিরোশিমায় ওই বোমা হামলার পর একই বছরই ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে আরেকটি পরমাণু বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২০১০ঘ.
bdnews24