২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষত্যাগ করে জর্ডানে সিরিয়ার প্রধানমন্ত্রী

সিরিয়ার প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব সরকারপক্ষ ত্যাগ করে জর্ডানে গেছেন বলে জানিয়েছে আম্মান সরকার। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

সিরিয়া, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব সরকারপক্ষ ত্যাগ করে জর্ডানে গেছেন বলে জানিয়েছে আম্মান সরকার। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে রিয়াদ হিজাবকে বরখাস্ত করার খবর জানালেও আম্মানের এক সরকারি সূত্র জানায়, হিজাব সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়েছে। হিজাবও ইতোমধ্যে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ ত্যাগ করে বিরোধীপক্ষে যোগদানের ঘোষণা দিয়েছেন। হিজাবের পক্ষ থেকে তার এক মুখপাত্র বিবৃতিটি পড়ে শোনান। এতে বলা হয়, “ আমি আজ হত্যাযজ্ঞ এবং সন্ত্রাসী শাসকগোষ্ঠী থেকে বেরিয়ে সম্মানিত মুক্তি ও বিপ্লবীদের সঙ্গে যোগদানের ঘোষণা দিচ্ছি। আজ থেকে আমি এ মহান বিপ্লবের একজন যোদ্ধা।” সিরিয়ায় সরকার ঘোষিত রাজনৈতিক সংস্কারের আওতায় পার্লামেন্ট নির্বাচনের পর জুনে সাবেক কৃষিমন্ত্রী রিয়াদ হিজাবকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে বিরোধীরা তার এ পদক্ষেপকে ভাওতাবজি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে। সোমবার হিজাবকে বরখাস্ত করার খবর জানায় রাষ্ট্রীয় টিভি। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি। হিজাবের দেশত্যাগকে সিরিয়ায় ২০১১ সালে আসাদ-বিরোধী আন্দোলন শুরুর পর থেকে সরকারের উচ্চ পর্যায়ে পক্ষত্যাগের সবচেয়ে বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে। সিরিয়ায় মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসাবে হিজাবই প্রথম পক্ষত্যাগ করলেন। সিরিয়ায় সামরিক বাহিনীর বাইরে শাসকগোষ্ঠীর মধ্যে ভাঙনের লক্ষণ এ থেকে স্পষ্ট হয়ে উঠেছে। এক মাস আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তাস পক্ষত্যাগ করেন। আর এখন আলেপ্পোয় বিদ্রোহী দমনাভিযানে সরকারি বাহিনীর স্থল হামলার প্রস্তুতির মধ্যে হিজাব বরখাস্ত হওয়া এবং দেশত্যাগের খবর এল। জর্ডানের নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র জানিয়েছে, হিজাব পরিবারের সদস্যদের নিয়ে জর্ডানে গেছেন। ওদিকে, সিরিয়া টিভি জানিয়েছে, হিজাবের স্থালাভিষিক্ত করা হয়েছে উপপ্রধানমন্ত্রী ওমর গালাওয়ানজিকে। অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করবেন তিনি। সিরিয়া টিভি এ খবর জানানোর কয়েকঘণ্টা আগে দামেস্কর রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ভবনে বোমা হামলা হয়েছে। টিভি ও বেতার ভবনের তৃতীয় তলায় বোমাটি বিস্ফোরিত হয়। এতে আহত হয় ৩ জন। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি। তবে বোমা হামলার পরও রাষ্ট্রীয় টিভি স¤প্রচার থেমে নেই বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬৫৪ঘ.