কারাকাস, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে যোগ দিয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন। ভেনেজুয়েলার মধ্যাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় রোববার এক সমাবেশে উপস্থিত ছিলেন পেন।
আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। আরো ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট শ্যাভেজ।
সমাবেশে উপস্থিত বিশাল জনতার সামনে পেনকে পরিচয় করিয়ে দিয়ে শ্যাভেজ বলেন, “প্রিয় বন্ধু, আমাদের মাঝে আবার উপস্থিত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। উত্তর থেকে দক্ষিণে, মধ্যাঞ্চলে আমরা সবাই আমেরিকান। আমেরিকা মহাদেশ দীর্ঘজীবী হোক!”
সমাবেশে পেনের পাশাপাশি আর্জেন্টাইন প্রযোজক ফার্নান্ডো সুলিচিনও উপস্থিত ছিলেন। সাদা শার্ট ও সানগ্লাস পরিহিত পেন জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে কোনো বক্তব্য রাখেননি।
হলিউডের নামী অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক শন পেন তার রাজনৈতিক ও সামাজিক সচেতনতার জন্যও পরিচিত।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কট্টর সমালোচক ছিলেন তিনি। হাইতির ভূমিকম্প দুর্গত ও হ্যারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তদের মানবিক ত্রাণ কার্যক্রমে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন পেন।
গত বছর ইরানে আটক দু’জন মার্কিন পর্বতারোহীকে ছাড়িয়ে আনতে শ্যাভেজের দারস্থ হয়েছিলেন পেন।
বেশিরভাগ নির্বাচনী জরিপেই শ্যাভেজ বিপুল ব্যবধানে এগিয়ে আছেন বলে দেখা গেছে। গত বছর কিউবায় ক্যান্সার আক্রান্ত শ্যাভেজের দেহে তিনবার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে নিজেকে সম্পূর্ণ সুস্থ্য বলে দাবি করেছেন তিনি। তবে ৫৮ বছর বয়সী শ্যাভেজের অসুস্থতা সম্পর্কে এ পর্যন্ত খুব কম তথ্যই প্রকাশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.
bdnews24