ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি উৎকর্ষের ভেল্কি দেখিয়ে মঙ্গলে নেমেছে নাসার রোবট যান কিউরিওসিটি। লোহিত গ্রহটির গোলাপি আকাশ ভেদ করে বিশাল একটি খাদের ভেতর সফল অবতরণ করেছে এক টনের এই রোভার যানটি।
এর কয়েক মুহূর্ত পরই মঙ্গলের লাল মাটি থেকে কিউরিওসিটি তার চাকার ছবিসহ তিনটি ছবি পাঠায়।
সোমবার গ্রিনিজ সময় ৫ টা ৩১ মিনিটে মঙ্গলে নামা কিউরিওসিটি থেকে প্রথম সংকেত পেয়ে উৎসবে মেতে ওঠে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানিরা। মঙ্গল অভিযানে সবচেয়ে বড় আশংকা ছিল এই অবতরণ নিয়েই।
মঙ্গলে পৌছতে গত আট মাসে ৫৭ কোটি কিলোমিটার পাড়ি দিয়েছে কিউরিওসিটি। এর মধ্যে সবচেয়ে কঠিন কাজটিই ছিল অবতরণ। কারণ কিউরিওসিটির ওজন কম নয়, প্রায় এক টন।
মঙ্গলে নামার আগে গতি ছিল ঘণ্টায় ১৩ হাজার মাইল। প্রথমে সুপারসনিক প্যারাসুটের সাহায্যে গতি কমিয়ে আনা হয়। এরপর রকেটের সাহায্যে গতি নিয়ন্ত্রণ করে কেবলের মাধ্যমে ধীরে ধীরে ভূমিতে নামে কিউরিওসিটি। নামার পরপরই ক্যাবলটি বিচ্ছিন্ন হয়ে রকেটিটি দূরে গিয়ে পড়ে।
অবতরণের জন্য গিরিখাদ গেইল কার্টার বেছে নেওয়া হয়েছে যেখানে অতীতে পানি থাকার অনেক চিহ্ন পাওয়া গেছে।
আড়াই বিলিয়ন ডলারের এই ব্যয়বহুল প্রকল্প নতুন নতুন অনেক আবিস্কার উপহার দেবে বলেই নাসার আশাবাদ। ভবিষ্যতে মানব অভিযানের সম্ভাব্যতা যাচাই হবে এ অভিযানে।
আগামী দুই বছর কিউরিওসিটি গিরিখাদের তলা থেকে ধীরে ধীরে ওপরে উঠবে। পাথুরে ভূমি খুড়ে দেখবে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণের বিকাশের কোনো পরিবেশ আছে কিনা। গ্রহটির অতীত ইতিহাসে আদি প্রাণের কোনো বিস্তার ঘটেছিল কিনা তা জানার দীর্ঘ প্রচেষ্টার নতুন অধ্যায় যোগ করবে কিউরিওসিটি।
একটি ছোট গাড়ির আকারের কিউরিওসিটি চলবে পারমানবিক শক্তিতে। এটিতে আছে হরেক রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ক্যামেরা আর আবহাওয়া কেন্দ্র। রোভার যানটির আছে একটি শক্তিশালী ড্রিলসহ রোবটিক হাত, দূর থেকে পাথর চূর্ণ বিচুর্ণ করতে পারা লেজার, একটি রাসায়নিক গবেষণাগার আর বিকিরণ মাপার ডিটেক্টর।
এর আগে ২০০৪ সালে নাসা মঙ্গলে পাঠিয়েছিল জমজ রোভার যান স্পিরিট ও অপরচুনিটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৪৩ ঘ.
bdnews24