দামেস্ক, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো জুড়ে সরকারী সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। শহর দুটিতে জয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা।
আলেপ্পোয় বিদ্রোহীদের ঘাঁটিগুলোতে বোমা হামলা চালিয়েছে সরকারী সেনারা এবং শহটির বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা পরিষদের সমালোচনায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের পর এ সংঘর্ষের ঘটনা ঘটল।
এদিকে দামেস্কের তাদামন এলাকায় উভয় পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর আগে ওই এলাকায় ব্যাপক হামলা চালিয়েছিল সরকারী সেনারা।
দামেস্কের মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল ও দুমারের আশেপাশে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এছাড়া বিদ্রোহীদের পোস্ট করা একটি ভিডিও চিত্রে দেখা গেছে, আলেপ্পোর সালাহ আল-দিন এলাকায় একটি সামরিক জঙ্গি বিমান উড়ছে। ভিডিও চিত্রে একটি বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে।
শহরটির অফিসার্স ক্লাব ও নিরাপত্তাবাহিনীর সদরদপ্তর ঘিরে এবং আরো কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর জানিয়েছে বিদ্রোহীরা।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দামেস্কের উপকন্ঠে সায়েদা জেইনাব নামক পবিত্র স্থানের কাছাকাছি একটি বাস থেকে ৪৮ জন ইরানিয়ান তীর্থযাত্রীকে অপহরণ করা হয়েছে।
ইরানিয়ান কর্মকর্তারা অপহণের জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।
বিদ্রোহীদের মতে, সিরিয়ায় ১৭ মাস ধরে চলা আসাদ-বিরোধী সংঘর্ষে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১২৫ ঘ.
bdnews24