ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার উপকূলে শনিবার একটি ডাচ তেল কোম্পানির জাহাজে বন্দুকধারীদের হামলায় নাইজেরিয় নৌবাহিনীর দুই নাবিক নিহত হয়েছে। চার বিদেশীকে অপহরণ করেছে হামলাকারীরা।
হামলায় জাহাজটির নিরাপত্তার দায়িত্বে থাকা নৌবাহিনীর একটি দলের আরো দুইজন সদস্য আহত হয়েছে।
হামলাকারীদের খোঁজে নাইজেরিয় নৌবাহিনী নাইজার নদী মোহনা এলাকায় তল্লাশী শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
অপহৃত বিদেশীরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিভাবে জানা যায়নি।
নাইজেরিয়ার প্রধান তেলক্ষেত্রগুলোর অবস্থান নাইজার নদীর মোহনা এলাকায়। বেশ কয়েক বছর সহিংসতা চলার পর ২০০৯ সালে সাধারণ ক্ষমা ঘোষণার পর এলাকাটির পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছিল। তেলের উৎপাদনও বেড়েছিল।
বহুজাতিক তেল কোম্পনিগুলো এই খনিগুলো থেকে প্রচুর লাভ তুলে নিলেও এলাকার লোকজন দারিদ্র সীমার নীচেই পড়ে আছে। তাই স্থানীয়দের সমর্থনে প্রায়ই বিদেশী তেল কোম্পনিগুলোর ওপর হামলা করে স্থানীয় জঙ্গিরা।
তেলের আয় তাদের জীবনমানের উন্নতিতে ব্যয় করা হোক এই চায় স্থানীয় মানুষজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/২০২৪ ঘ.
bdnews24