২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-মার্কিন গোয়েন্দা প্রধানের বৈঠকে অগ্রগতি সামান্যই

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দা প্রধানের মধ্যকার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সামান্যই অগ্রগতি হয়েছে। উভয়েই প্রথম সাক্ষাতে নিজের অসন্তোষের কথা ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ওয়াশিংটন, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দা প্রধানের মধ্যকার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সামান্যই অগ্রগতি হয়েছে। উভয়েই প্রথম সাক্ষাতে নিজের অসন্তোষের কথা ব্যক্ত করেছেন। বৈঠকের সঙ্গে সম্পৃক্ত এক সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে। কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বর্তমানে নানা বিষয় নিয়ে টানাপড়েন রয়েছে। এই অবস্থায় দুই দেশের মধ্যকার টানাপড়েন অবসানে তাদের বৈঠকে কোনো অগ্রগতি অর্জিত হয়েছে কি না হয়েছে তা পরিস্কার নয়। পাকিস্তানের গোয়েন্দা প্রধান হিসেবে চলতি মার্চে দায়িত্ব পাওয়া লেফট্যানান্ট জেনারেল জহির উল ইসলাম প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র সফর করেন এবং বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান ডেভিড পেট্রায়াসের সঙ্গে সিআইএ সদরদপ্তরে বৈঠক করেন। ওই বৈঠককে সামনে রেখে পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছিলেন, বৈঠকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের পার্বত্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা ড্রোন হামলা বন্ধের আহ্বান জানাবেন পাকিস্তানি গোয়েন্দা প্রধান। পাশাপাশি প্রযুক্তি ও গোয়েন্দা সম্পর্কিত বিষয়াদি ভাগাভাগির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সম্মত করতে চেষ্টা চালাবেন তিনি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, “জেনারেল জহির ও পরিচালক পেট্রায়াসের মধ্যকার আজকের আলোচনা ছিল বাস্তবসম্মত, পেশাদারী ও ফলপ্রসূ।” “উভয়েই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তার পরিপন্থি জঙ্গিদের উপস্থিতি ঠেকাতে একসঙ্গে কাজ করার ব্যাপারে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন”- বলেন ওই কর্মকর্তা। তবে ওই বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্র আভাস দিয়েছিল, পাকিস্তান ও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে খুব বেশি পরিবর্তন আনা হবে না। পাকিস্তানের পার্বত্যাঞ্চলে তালেবান ও আল কায়েদার জঙ্গিরা আত্মগোপন করে আছে। এই অজুহাতে যুক্তরাষ্ট্র প্রায়শই সেখানে চালক বিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে থাকে। তবে ড্রোন হামলায় পাকিস্তানের সেনা সদস্যসহ অনেক সাধারণ পাকিস্তানিরও মৃত্যু হয়েছে। এ কারণে ড্রোন হামলার বিরুদ্ধে দেশটিতে প্রবল জনমত গড়ে উঠেছে। কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে চাপে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে প্রবল টানাপড়েনের সৃষ্টি হয়। গত ২০ মাস ধরে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র পরস্পরের মধ্যকার সম্পর্কের চরম অবনতিতে উভয়পক্ষই ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে ২০১১ সালের মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের গোপন সামরিক হামলায় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনা এবং যুক্তরাষ্ট্রের আকাশ হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় দুই পক্ষের সম্পর্ককে ভাঙনের শেষ সীমায় নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো সেনাদের রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী আরো বেশ কয়েকটি সিদ্ধান্তও নেয়া দেশটি। কিন্তু বর্তমানে উভয়পক্ষই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ওবামা প্রশাসন পাকিস্তানের ব্যাপারে অত্যন্ত সন্দেহপ্রবণ। তারা বিশ্বাস করে পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আস্তানা। আর পাকিস্তান মনে করে ড্রোন হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘণ। ওবামা প্রশাসন পাকিস্তানকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য চাপ দিয়ে যাচ্ছে। বিশেষ করে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর ব্যাপারে পাকিস্তানের প্রতি দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রত্যুত্তরে পাকিস্তান জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পাকিস্তান এও জানিয়েছে, জঙ্গিরা তাদের জনগণ এবং সেনাদের ওপরও হামলা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.