ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে চালানো হামলায় শুধু বৃহস্পতিবারই অন্ততপক্ষে ৩৩ জন নিহত হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের সূত্রে দ্য ডন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
বাগদাদের দক্ষিণাঞ্চলীয় হুসেইনিয়া এলাকায় এক গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় তেল শহর কিরকুকে একটি তুর্কেমেন পরিবারের বাড়িতে হামলা চালিয়ে ওই পরিবারের বাবা, মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করে।
ওই শহরের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীরা ৭ সেনাকে হত্যা করে। তাদের হামলায় আহত হয়েছে ১১ জন।
বাগদাদের উত্তরাঞ্চলে ৪ পুলিশ সদস্য বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে। ওই উত্তরাঞ্চলেই বোমা হামলায় নিহত হয়েছে আল কায়েদা বিরোধী শাওয়া গোষ্ঠীর ৩ সদস্য নিহত হয়েছে।
সামারা শহরের উত্তরপূর্বাঞ্চলে পুলিশ স্টেশনের নিকটবর্তী একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ ও এক শাওয়া সদস্য।
বাগদাদের উত্তরাঞ্চলে দুজেইল এর নিকটবর্তী একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এ সময় চারজনকে ধরে নিয়ে গেছে তারা।
ইরাকের পশ্চিমাঞ্চলে আল রুতবার একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে ইব্রাহিম আল কাতা নামে একজন কর্নেল নিহত হয়েছেন। এই লড়াইয়ে অপর দুই পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন।
শুধুমাত্র জুলাই মাসেই ইরাকে ৩২৫ জন নিহত হয়েছে। ২০১০ সালের অগাস্টের পর এটিই দেশটিতে একক কোনো মাসে সর্বোচ্চ নিহতের ঘটনা। জুলাই মাসের ৩১ দিনের মধ্যে ২৭ দিনই ইরাকে কোনো না কোনো হামলা চালানোর ঘটনা ঘটেছে।
আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সম্মুখসারির গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক জানিয়েছে, মুসলিমদের পবিত্র মাস রমজানে এই অঞ্চলটি দখলের চেষ্টা চালাচ্ছে তারা।
ওয়াশিংটন তাদের এই প্রচেষ্টাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৫ ঘ.
bdnews24