ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাকুওস টেলিভিশন নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের শার্প কর্পোরেশন ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অব্যাহত লোকসান ঠেকাতে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিচ্ছে।
বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানের মোট শ্রমশক্তির ১০ শতাংশকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
চলতি বছরের এপ্রিল থেকে জুন নাগাদ প্রতিষ্ঠানটি প্রায় ১শ’ ৮০ কোটি ডলার লোকসান দেওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
এই লোকসান তাদের ‘ধারণার চেয়ে অনেক বেশি’ বলে উল্লেখ করেছে শার্প।
এক বছর আগে ঠিক এই সময়েই শার্প চলতি বছরের লোকসানের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছিল।
জাপান ও চীনে শার্প পণ্যের চাহিদা এবং মূল্য কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির আয়ে টান পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24