কাবুল, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানদের সঙ্গে হাত মেলাচ্ছে ইরান। ইরানে তালেবান কার্যালয় খোলার অনুমতি দেওয়ার পাশাপাশি তাদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহেরও চিন্তাভাবনা চলছে।
এমন কথাই জানিয়েছেন ঊর্ধ্বতন আফগান ও পশ্চিমা কর্মকর্তারা।
তারা জানান, ইরান দেশের পূর্বাঞ্চলে তালেবান কার্যালয় খোলার অনুমতি দিয়েছে। একইসঙ্গে তাদেরকে ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়টি নিয়েও আলোচনা করেছে ইরান।
এর মধ্য দিয়ে তালেবান জঙ্গিদের সঙ্গে ইরানের সহযোগিতার আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছেন তারা।
মে মাসে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চুক্তির পর ইরান এ পদক্ষেপ নিল।
কর্মকর্তারা বলেন, ইরান আদর্শ এবং গভীর ধর্মীয় মূল্যবোধকে একপাশে সরিয়ে রেখে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রস্থান ত্বরান্বিত করার চূড়ান্ত লক্ষ্যে অগ্রসর হতে চায়।
তালেবানদের মতো ইরানও যুক্তরাষ্ট্রকে বড় শত্র“ বলে মনে করে। আর তাই ইরান দেশে তালেবানদেরকে কার্যলয় খোলার অনুমতি দিয়েছে।
তালেবান অধুষ্যিত কোয়েটার কাছে জাহেদান শহরে এ কার্যালয় খোলা হবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান-ইরান সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলেও জানান কর্মকর্তারা।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে তাদের ওপর পশ্চিমা বিশ্বের হামলার আশঙ্কার মুখে বিভিন্ন পাল্টা পদক্ষেপের মধ্যে তেহরান নতুন এ উদ্যোগ নিল বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৩ঘ.
bdnews24