আলইয়ানোভস্ক, রাশিয়া, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত নেটো সেনাদের সেদেশে অবস্থান করা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে নেটো সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনায় রাশিয়ার আলিয়ানোভস্ক শহরে প্যরাট্রুপারদের সঙ্গে এক বৈঠকে পুতিন একথা বলেন।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সেনা প্রত্যাহার হলে দেশটি মাদক পাচার ও জঙ্গি সহিংসতার কারণে বিপর্যস্ত হয়ে পড়বে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পুতিন বলেন, “আফগান যুদ্ধে অংশ নেওয়া অনেক দেশই এখন নিজ নিজ দেশের সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছে, এটি দুঃখজনক। তারা এ বোঝা কাঁধে নিয়েছে এবং শেষ পর্যন্ত তা বহন করা উচিত।”
১৯৮০’র দশকে আফগানিস্তানে এক যুদ্ধে শোচনীয় পরাজয় ঘটে সেভিয়েত ইউনিয়নের।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করার জন্য সেনা পাঠাতে অস্বীকৃতি জানায় রাশিয়া।
তবে ট্রানজিটের জন্য নিজেদের ভূখন্ড ব্যবহারের অনুমতি দিয়ে নেটো অভিযানে সহায়তা করছে মস্কো।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৪ঘ.
bdnews24