কায়রো, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ।
এদিন নতুন সদস্যদের শপথও পাঠ করাবেন তিনি। জুনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও মুরসি এখনো মন্ত্রিসভা ঘোষণা করেননি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত হিশাম কান্দিলের এ নতুন সরকারে বেশির ভাগই থাকছেন টেকনোক্রেটরাসহ আগের সরকারের দুই মন্ত্রী এবং কিছু ইসলামপন্থি।
সাবেক সামরিক শাসক মোহাম্মদ হুসেইন তানতাওয়িকে প্রতিরক্ষামন্ত্রী করা হচ্ছে।
মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মিশরে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং সরকার গঠনে অনেক বেশি সময় নেওয়ার কারণে সমালোচিত হয়েছেন।
তাছাড়া, মিশরের এক সময়কার পানিসম্পদ ও সেচমন্ত্রী হিশাম কান্দিলকে প্রধানমন্ত্রী নিয়োগ করে পর্যবেক্ষকদের বিস্মিত করেছেন তিনি।
কান্দিলের রাজনৈতিক অভিজ্ঞতার অপ্রতুলতা নিয়ে উদ্বিগ্ন মিশরের রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, প্রধানমন্ত্রী পদের জন্য যে ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজ্ঞতা থাকা দরকার কান্দিলের তা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫০০ঘ.
bdnews24