২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে সেনা অভিযানে নিহত ৩৫

সিরিয়ার রাজধানী দামেস্কয় সরকারি বাহিনীর অভিযানে বুধবার অন্তত ৩৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

আম্মান, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কয় সরকারি বাহিনীর অভিযানে বুধবার অন্তত ৩৫ জন নিহত হয়েছে। সেনাদের গোলা হামলায় নিহতদের বেশির ভাগই নিরস্ত্র জনতা বলে জানিয়েছে স্থানীয় অধিবাসী ও আন্দোলনকর্মীরা। দামেস্কর উত্তরপশ্চিমে জেইদেত আরুজ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক অধিবাসী জানান, ট্যাংক ও সেনারা বিকাল ৪ টার দিকে চলে যাওয়ার পর রাস্তা ফাঁকা হয়ে গেলে অন্তত ৩৫ টি লাশ খুঁজে পাওয়া গেছে। বাড়িতে, বাগানে এবং বাড়ির বেজমেন্টে এ সব মানুষকে মুখে, মাথায় ও গলায় গুলি করে হত্যা করা হয়েছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, জেইদেত আরুজের ২৬ থেকে ৩৫ টি লাশ সনাক্ত করে দেখা গেছে তারা বেসামরিক নাগরিক। লাশগুলো সংগ্রহ করে ওমর বিন আল খাতাব মসজিদে নিয়ে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা। আল সাল এলাকাতেও আরো মৃতদেহ আছে বলে জানান আরেক অধিবাসী। কিন্তু তিনি বলেন, সেনাবাহিনী রাস্তা অবরোধ করে রাখায় ওই এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। সব মিলে নিহতের সংখ্যা অন্তত ৫০ জন হবে বলে জানিয়েছেন অন্য আরেক অধিবাসী। ওদিকে, বিবিসি নিহতের সংখ্যা আরো বেশি ৭০ জন উল্লেখ করেছে। দামেস্কে দু’টো অভিযানে সেনারা বাড়ি বাড়ি গিয়ে মানুষ হত্যা করে বলে জানানো হয়েছে খবরে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বলেছে, বহু সন্ত্রাসী এবং ভাড়াটে যোদ্ধা আত্মসমর্পণ করেছে এবং আরো অনেককে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৩ঘ.