২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জঙ্গি নিহত

কাবুলে হামলা চালানোর প্রস্তুতিকালে বৃহস্পতিবার সকালে সাত জঙ্গিকে হত্যা করেছে আফগান বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাবুলে হামলা চালানোর প্রস্তুতিকালে বৃহস্পতিবার সকালে সাত জঙ্গিকে হত্যা করেছে আফগান বাহিনী। রাজধানীর বাইরে বন্দুকযুদ্ধে তাদের হত্যা করা হয় বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। আফগান গোয়েন্দা সংস্থার মুখপাত্র লতিফুল্লাহ মার্শাল বলেন, আমাদের গোয়েন্দারা জানতে পারে, হামলার প্রস্তুতি হিসেবে জঙ্গিরা কাবুলের ঠিক বাইরে পূর্বাঞ্চলে একটি চত্বরে অস্ত্র জড়ো করেছে। ওই এলাকা পরিদর্শন করে ফিরতে গেলে রাত ১ টার দিকে তাদের কয়েকজন সহকর্মীকে অপহরণ করে জঙ্গিরা। এর পরিপ্রেক্ষিতে এক অভিযান চালানো হলে আফগান বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় পাঁচ জঙ্গি নিজেদের শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। বাকিদের আফগান পুলিশ গুলি করে হত্যা করে বলে মার্শাল জানান। পুলিশ ওই চত্বরে অভিযান চালিয়ে তিনগাড়ি বোঝাই বিস্ফোরক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। মার্শাল আরো জানান, তাদের ধারণা জঙ্গিরা কাবুলের তিনটি অংশে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এগুলো হচ্ছে, পার্লামেন্ট ভবনের কাছাকাছি কোথাও, দূতাবাস ও অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রে। মার্শাল বলেন, “এটি সত্যিই অনেক বড় পরিকল্পনা ছিল। খোদাকে ধন্যবাদ, আমরা এটি ঠেকাতে সক্ষম হয়েছি।” জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে আফগান বাহিনীর কোনো সদস্য বা সাধারণ কোনো নাগরিক হতাহত হয়নি। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই খবর প্রত্যাখ্যান করেছেন। আফগান বাহিনী প্রহসনমূলক বন্দুকযুদ্ধের ঘটনা বানিয়েছে বলে দাবি করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪২ ঘ.