২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বিদ্রোহীদের সহায়তা দিতে ওবামার অনুমোদন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীদের সমর্থন দেওয়ার ব্যাপারে এক গোপন নির্দেশে সই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ওয়াশিংটন, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীদের সমর্থন দেওয়ার ব্যাপারে এক গোপন নির্দেশে সই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ খবর নিশ্চিত করেছে। চলতি বছরের শুরুর দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইএ সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থাকে সিরীয় বিদ্রোহীদের সমর্থন ও সহায়তা দেওয়ার বিষয়ে ওই নির্দেশে অনুমোদন দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্র এখনো সিরীয় বিদ্রোহীদের প্রাণঘাতী মারাত্মক কোনো অস্ত্র সরবরাহ করেনি। যদিও যুক্তরাষ্ট্রের বেশকিছু মিত্ররাষ্ট্র ইতোমধ্যে তা সরবরাহ করেছে। এদিকে, গত কয়েক সপ্তাহে সিরীয় বিদ্রোহীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যদিয়ে পশ্চিমা কর্মকর্তাদের কাছে বিদ্রোহীদের ব্যাপারে মূল্যায়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন অর্জিত হয়েছে। এরআগে আসাদের বিরুদ্ধে বিদ্রোহকারীরা অসংগঠিত, বিক্ষিপ্ত বিদ্রোহ বলে প্রতীয়মান হচ্ছিল। এমন কী প্রেসিডেন্ট ওবামা যখন বিদ্রোহীদের সমর্থনে গোপন নির্দেশে সই করেন তখনো বিষয়টি এ রকম ছিল না। অবশ্য সিআইএ’র মতো সংস্থাগুলো বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে কি না তাও এখনো পরিষ্কার নয়। এ ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়টি সম্পর্কে জানা আছে যুক্তরাষ্ট্র সরকারের এমন সূত্র থেকে জানা গেছে, প্রেসিডেন্টের নির্দেশে তুরস্ক ও তার মিত্রদের পরিচালিত গোপন নির্দেশনা কেন্দ্রের (কমান্ড সেন্টার) সঙ্গে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও চায় সিরীয় বিদ্রোহীদের সহায়তা করা হোক। এ দলে রয়েছেন রিপাবলিকান দলীয় সিনেটর জন ম্যাককেইন, লিন্ডসলে গ্রাহাম। সিরীয় বিদ্রোহীদের সহায়তার ব্যাপারে ওবামা খুব ধীর গতিতে পদক্ষেপ নিচ্ছেন বলেও সমালোচনা করেন তারা। ওই আইনপ্রণেতাদের পরামর্শ হচ্ছে, যুক্তরাষ্ট্র সরকারের উচিৎ সিরীয় বিদ্রোহীদের সরাসরি অস্ত্র দিয়ে সহায়তা করা উচিৎ। গত সপ্তায়, রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি ও কাতারকে সঙ্গে নিয়ে সিরীয় সীমান্তেবিদ্রোহীদের গুরুত্বপূর্ণ সেনা ও অন্যান্য যোগাযোগ সম্পর্কিত সহায়তা দিতে গোপন ঘাঁটি স্থাপন করেছে তুরস্ক। আর সেটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানা তে অবস্থিত। আদানা শহরটি সিরীয় সীমান্ত থেকে ৬০ মাইল দূরে। শহরটিতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে যেখানে মার্কিন সেনা ও গোয়েন্দা সংস্থার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তুরস্কের উদার ইসলামি সরকারও চায় আসাদ ক্ষমতা থেকে সরে যাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৪ ঘ.