দামেস্ক, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তায় রাস্তায় সরকারি ও বিদ্রোহী বাহিনীর তীব্র লড়াইয়ে সিরিয়ার ভাগ্য সঙ্কটাপন্ন। এ লড়ায়ই জাতির ভাগ্য নির্ধারণ করবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়ার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে লিখিত এক বিবৃতিতে তিনি “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে” প্রতিহত করার জন্য সেনাদের প্রশংসা করেন।
দুই সপ্তাহ আগে সিরিয়ায় আত্মঘাতী হামলায় শীর্ষস্থানীয় চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে আসাদ জনসমক্ষে কোন মন্তব্য করেননি।
আলে্েপ্পায় সর্বাত্মক লড়াইয়ের মধ্যে সশস্ত্র বাহিনী দিবসে তিনি সর্বসা¤প্রতিক এ বিবৃতি দিলেন। তবে কখন এবং কোথা থেকে তিনি বিবৃতিটি দিয়েছেন তা স্পষ্ট জানা যায়নি। আসাদ কোথায় আছেন তা এখনো রহস্যাবৃত।
রাজধানী দামেস্ক ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোয় কয়েক সপ্তাহ ধরে সেনা-বিদ্রাহী সংঘর্ষ চলছে। পুরান দামেস্কের দুটি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় প্রথম সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ওদিকে, আলেপ্পোতে সরকারি বাহিনী প্রচণ্ড হামলা চালাচ্ছে।
বিবৃতিতে আসাদ বলেছেন, “আমাদের জনগণ ও জাতির ভাগ্য, অতীত, বর্তমান এবং ভবিষ্যত, এ লড়াইয়ের ওপর নির্ভর করছে।”
চলমান লড়াইয়ে সশস্ত্র বাহিনীর ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেন তিনি। সেনাবাহিনী প্রকাশিত একটি ম্যাগাজিন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ এ বিবৃতি প্রকাশ করেছে।
আলেপ্পোয় সরকারি সেনা ও বিদোহীদের মধ্যকার সরাসরি যুদ্ধে কারোরই পিছু হটার উপায় নেই। সিরিয়ার ভাগ্য নির্ধারণ অনেকটাই নির্ভর করছে এ লড়াইয়ে জয়ের ওপর।
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত শহরটিতে জঙ্গি বিমান ও কামান থেকে গোলা নিক্ষেপ করেছে সেনারা। এছাড়া মঙ্গলবার আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় প্রথম জঙ্গি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র একজন অধিনায়ক এক বিবৃতিতে জানান, মঙ্গলবার রাতে গোলাবর্ষণ করলেও আসাদ বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আর এগুতে পারেনি। এছাড়া, দক্ষিণ আলেপ্পোর সালাহেদ্দিন এলাকায় ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা।
বিদ্রোহীদের বিবৃতি অনুযায়ী, আলেপ্পোর পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকগুলো এলাকা এখন তাদের দখলে।
অন্যদিকে, লড়াই তীব্র হতে থাকায় সাধারণ মানুষের দুর্দশা বাড়ছে। আলেপ্পোর প্রায় ১৮ হাজার অধিবাসী আতঙ্কে শহর ছেড়ে পালিয়েছে। এছাড়া অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
আলেপ্পোয় খাদ্য ও জ্বালানির অভাব দেখা দিয়েছে। বিদ্রোহীরা তাঁবু খাটিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৬ঘ.
bdnews24