আমস্টার্ডাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার নিহত সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম লিবিয়ায় ন্যায়বিচার পাবেন না। তাকে ফাঁসি দেওয়া হলে তা হত্যাকাণ্ডের সমতুল্য হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দাখিল করা এক আর্জিতে এসব অভিযোগ জানিয়েছেন সাইফের আনজীবী মেলিন্দা টেইলর।
লিবিয়ার জিনতানে গাদ্দাফিবিরোধী এক গোষ্ঠীর তত্ত্বাবধানে অন্তরীন সাইফকে উদ্ধৃত করে মেলিন্দা বলেন, “মরতে আমি ভয় পাই না। কিন্তু এই ধরনের বিচারের পর যদি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এটিকে নিছক একটি হত্যাকাণ্ড বলা উচিত আর সেভাবেই কাজ করা উচিত।”
লেবাননের নাগরিক মেলিন্দা টেইলরকে সাইফের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি।
গত জুনে মেলিন্দা ও আইসিসির তিনজন কর্মী লিবিয়ার পশ্চিমাঞ্চলের পার্বত্য শহর জিনতানে সাইফের সঙ্গে সাক্ষাৎ করার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ তাদের আটক করে। উদ্বিগ্ন আইসিসি র্র্র্কর্তৃপক্ষ প্রতিনিধিদের মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। ২৬ দিন আটক রাখার পর তাদের মুক্তি দেওয়া হয়।
জুনের ওই সাক্ষাৎকালে সাইফের একটি আনুষ্ঠানিক বিবৃতি গ্রহণ করতে মেলিন্দাকে বাধা দেওয়া হয়। নিরক্ষর রক্ষীর ছদ্মবেশে সেখানে উপস্থিত এক কর্মকর্তা এই কাজটি করেন বলে আর্জিতে অভিযোগ করা হয়।
আর্জিতে বলা হয়, “ওই রক্ষী, যার আসল নাম আহমেদ আমির, যিনি কয়েকটি ভাষায় পারদর্শী, সচেতনভাবে প্রতিনিধিদলের সঙ্গে প্রতারণামূলক আচরণ করে।”
“সে ঘরে প্রবেশ করে আইসিসির দোভাষীর উপস্থিতিতেই চিৎকার করে বলতে থাকে সাইফের দেওয়া বিবৃতিটি খুব মারাত্মক, লিবিয়ার জাতীয় নিরাপত্তার বিরোধী, তাই আইসিসির আইনজীবী তা নিয়ে আসতে পারবেন না।”
আনজীবীরা জানান, সাইফের সঙ্গে পঁয়তাল্লি¬শ মিনিটের মতো কথা বলার পরই বাধা দেওয়া হয়। তারপর সাইফের বিবৃতিসহ মামলার প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে নিয়ে যায়।
গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যুত্থান ও বিদ্রোহ চলার সময় সন্ত্রাস সৃষ্টি ও হত্যার হুকুমদাতা হিসেবে সাইফের বিরুদ্ধে অভিযোগ এনে তার বিচার করতে চায় আইসিসি। কিন্তু সাইফকে আইসিসির কাছে হস্তান্তর করতে অস্বীকার করেছে লিবীয় কর্তৃপক্ষ। লিবিয়ার মাটিতে প্রচলিত আইন অনুযায়ী সাইফের বিচার করবে বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৮ ঘ.
bdnews24