২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় সিরীয় জঙ্গি বিমান হামলা

সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটাতে বিমান হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী। বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণও অব্যাহত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

আলেপ্পো (সিরিয়া), অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটাতে বিমান হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী। বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণও অব্যাহত ছিল। মঙ্গলবার গভীর রাতে শহরটিতে বিদ্রোহীদের অবস্থান লক্ষ করে বিমান হামলা চালানো হয়। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অবশিষ্ট “সন্ত্রাসীদের” নির্মূলে আলেপ্পোয় সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে। অব্যাহত গোলাবর্ষণ ও বিমান হামলা সত্বেও লড়াইয়ে সাফল্য দাবি করেছে বিদ্রোহীরা। শহরটির পূর্বের ও দক্ষিণপশ্চিমের এলাকাগুলো এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে তারা। শহরের কেন্দ্রস্থল দখলের উদ্দেশ্যে বিদ্রোহীরা এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছে এক বিদ্রোহী কমান্ডার। একের পর এক এলাকা দখলের মাধ্যমে আর কয়েকদিনের মধ্যেই তারা শহর কেন্দ্র দখল করে নেবেন বলে জানান তিনি। বিদ্রোহীদের একটি গোষ্ঠী ‘যৌথ সামরিক পরিষদ’ এর প্রধান কর্নেল আব্দেল জব্বার আল কুয়াইদি বলেন, “সালেহেদিন এলাকাটির দখল নেওয়ার জন্য তিনদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। সরকারী বাহিনীর প্রচুর লোক ক্ষয় হয়েছে, ট্যাংক ও বিভিন্ন অস্ত্র ধ্বংস হয়েছে। হামলা বন্ধ করে ফিরে যেতে বাধ্য হবে তারা।” আলেপ্পোতে তিন হাজারেরও বেশি বিদ্রোহী যোদ্ধা লড়াইয়ে আছে বলে দাবি করেছেন তিনি। আলেপ্পোকে ক্ষমতাসীন আসাদ সরকারের “কবরে” পরিণত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে বিদ্রোহীরা। সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের কারণে শহরটি ছেড়ে পালিয়েছে হাজার হাজার বাসিন্দা। আটকে পড়া বাসিন্দারা খাবার ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে। হাসাপাতাল ও ক্লিনিকগুলো যুদ্ধাহতে ভরে উঠেছে। আলেপ্পোর যুদ্ধ সরকার ও বিদ্রোহী উভয়পক্ষের জন্যই গৃহযুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণী যুদ্ধে পরিণত হয়েছে। সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে অথবা প্রতিষ্ঠায় লড়াইটিকে যুদ্ধের মোড় ঘোরানো লড়াই হিসেবে বিবেচনা করছে উভয়পক্ষ। ১৮ জুলাই এক আত্মঘাতী বোমা হামলায় সরকারের শীর্ষ চার কর্মকর্তা নিহত হওয়ার পর গৃহযুদ্ধ নতুন রূপ নিয়েছে। রাজধানী দামেস্কে ভয়াবহ হামলা চালায় বিদ্রোহীরা। সেখান থেকে হটতে বাধ্য হলেও সবচেয়ে বড় শহর আলেপ্পোয় এক সপ্তাহ ধরে হিংস্র লড়াই চলার পরও নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। গত ১৬ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে। এদিকে আঞ্চলিক শক্তি তুরস্ক সেনাবাহিনীর একটি সাঁজোয়া বহর সিরীয় সীমান্ত বরাবর এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৭ ঘ.