আলেপ্পো, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর প্রচণ্ড হামলার মুখেও ‘কয়েকদিনের’ মধ্যেই শহরটি দখল করে নেওয়ার আশা প্রকাশ করেছে বিদ্রোহীরা।
আলেপ্পোর বিদ্রোহী কমান্ডার কর্ণেল আব্দুল জব্বার আল ওকাইদি বলেন, “আমরা আগামী কয়েক মাস না বরং ‘কয়েকদিনে’ আলেপ্পো দখলের লক্ষ্য নিয়ে এগুচ্ছি। উপরওয়ালার ইচ্ছায় কয়েকদিনের মধ্যেই আলেপ্পো মুক্ত হবে।”
তিনি বলেন, বিদ্রোহীদের লক্ষ্য হচ্ছে, একের পর এক এলাকা দখল এবং সেসব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেনাবাহিনীর কাছ থেকে আরো এলাকা দখলের আগে বিদ্রোহীরা এভাবেই এগুবে।
ইতোমধ্যেই নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো নিরাপদে রাখার পাশাপাশি বিদ্রোহীরা আশেপাশের এলাকায় অগ্রসর হবে এবং এর মধ্য দিয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাবে বলেও জানান ওকাইদি।
সরকারি বাহিনী ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তারা ট্যাংক এবং হেলিকপ্টার হামলা চালালেও তাদের মনোবল ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি।
আলেপ্পোর দু’টি গুরুত্বপূর্ণ এলাকায় মঙ্গলবার তীব্র গোলা হামলা চালিয়েছে সেনারা। কিন্তু বিদ্রোহী যোদ্ধারা সেখান থেকে সরকারি সেনাদেরকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে।
সেনারা সোমবার সালাহেদিন এলাকা থেকে বিদ্রোহীদের পিছু হটিয়ে দেওয়ার দাবি করলেও বিদ্রোহীপক্ষ সেখানে নিজেদের অবস্থান ধরে রাখার কথা জানিয়েছে।
ওদিকে, মঙ্গলবার রাষ্ট্রীয় টিভির খবরেও বলা হয়েছে, সালাহেদিন এলাকায় অবশিষ্ট বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর মধ্য দিয়ে এ বিষয়টি পরিস্কার যে, সালাহেদিন পুরোপুরি সেনাদের নিয়ন্ত্রণে আসেনি।
ওকাইদি বলেছেন, সেনারা তিনদিন ধরে চেষ্টা করেও সালাহেদিন দখল করতে পারেনি। প্রচণ্ড ক্ষয়ক্ষতির মুখে তারা পিছু হটেছে।
তবে সালাহেদিনের নিয়ন্ত্রণ এখন কার হাতে তা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
তীব্র লড়াই চলতে থাকায় এখনো শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। এতে মানবিক সঙ্কট ঘনীভূত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/২১৫৫ ঘ.
bdnews24