২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউক্রেনে বিভক্তি ডেকে আনবে ভাষা আইন’

রুশ ভাষার মর্যাদাবৃদ্ধির আইন ইউক্রেনে বিভক্তি ডেকে আনবে বলে সোমবার সতর্ক করেছেন বিরোধীদলীয় রাজনীতিবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

কিয়েভ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রুশ ভাষার মর্যাদাবৃদ্ধির আইন ইউক্রেনে বিভক্তি ডেকে আনবে বলে সোমবার সতর্ক করেছেন বিরোধীদলীয় রাজনীতিবিদরা। রুশ ভাষাকে মর্যাদা দিয়ে একে সরকারি কাজে ব্যবহারের ভাষা করার একটি বিল এ মাসের শুরুর দিকে অনুমোদন করে ইউক্রেনের পার্লামেন্ট। সঙ্গে সঙ্গেই রাজধানী কিয়েভে জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় বিক্ষোভ করে। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষও হয়। সোমবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে ইউক্রেনের বিরোধীদলীয় রাজনীতিবিদরা ওই আইনের ব্যাপারে নতুন করে সতর্ক করলেন। আইনটির প্রতিবাদে তারা পার্লামেন্ট থেকে ওয়াকআউটও করেন। বিরোধীদলীয় ‘ফ্রন্ট অব চেঞ্জ পার্টি’ নেতা আর্সেনি ইয়াতসেনিউক ভাষা বিলটিকে ‘ইউক্রেনের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এ পদক্ষেপকে অসাংবিধানিক বলেই মনে করছি আমরা। আইন হিসাবে আমাদের কাছে এর কোনো অস্তিত্ব নেই।” এ আইন ইউক্রেনবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন আরেক বিরোধীদলীয় নেতা ইভান জায়াটস। শিল্প প্রধান পূর্ব ইউক্রেনের মানুষের মাতৃভাষা রুশ। কিন্তু বিরোধী দল ও ইউক্রেনীয় ভাষাভাষী দেশটির লাখ লাখ অধিবাসী ভাষা বিলটিকে ইউক্রেনের সার্বভৌমত্বে আঘাত বলেই মনে করছে। ২০ বছর আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। নতুন ভাষা আইন চালু হলে ইউক্রেনের ভাষার চেয়ে বেশি মর্যাদা পাবে রুশ ভাষা এবং সরকারি কাজে এ ভাষা ব্যবহার হবে। “ফলে ইউক্রেনের ভাষার প্রয়োজনীয়তা ফুরাবে”, বলেন ৪০ বছর বয়সের এক প্রতিবাদকারী ইউরি চেরনিয়াক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০২৯ঘ.