২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় লড়াই চলছে, পালিয়েছে দু’লাখ মানুষ

সিরিয়ায় আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সেনা ও বিদ্রোহীদের লড়াই চলছে। গত দু’দিনের লড়াইয়ে ২ লাখ মানুষ শহর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

সিরিয়া, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সেনা ও বিদ্রোহীদের লড়াই চলছে। গত দু’দিনের লড়াইয়ে ২ লাখ মানুষ শহর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাদবাকি মানুষ শহরে আটকা পড়ে আছে। তাদের জরুরি সহায়তা দরকার। নিউ ইয়র্কে জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান ব্যারোনেস ভ্যালেরি আমোস বলেন, রেড ক্রস এবং ‘সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট’ এর হিসাব মতে, গত দু দিনে আলেপ্পো ছেড়ে পালিয়েছে দুই লাখ মানুষ। লড়াই থেকে বাঁচতে বহু মানুষই বাড়িঘর ছেড়ে স্কুল এবং সরকারি ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। তাছাড়া, অনেকেই কাছের গ্রামগুলোতে এবং তুরস্ক সীমান্তে পালিয়ে গেছে। আমোস বলেন, লড়াইবিক্ষুব্ধ শহরটিতে আরো কত মানুষ আটকা পড়ে আছে তা জানা যায়নি। লড়াইয়ে সাধারণ মানুষদেরকে হামলার লক্ষ্য না করার জন্য সব পক্ষকে আহ্বান জানান আমোস। আলেপ্পোয় এক সপ্তাহের গোলা ও জঙ্গি বিমান হামলার পর শনিবার থেকে স্থল হামলা শুরু করেছে সরকারি বাহিনী। সেনা অভিযানে বিদ্রোহীরা ঘায়েল হলেও তারা রাস্তায় রাস্তায় গেরিলা হামলা চালাচ্ছে। আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে সালাহ আল দিন এলাকা ঘিরে চলছে সংঘর্ষ। সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে সেনারা সালাহ আল দিন পুনর্দখল করে নেওয়ার দাবি করেছে। অন্যান্য আরো এলাকায় চলছে তুমুল লড়াই। আলে্েপ্পার উত্তর-পূর্বে শাকুর এলাকায় প্রচণ্ড গোলা হামলা ও সংঘর্ষ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৪ঘ.