ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোরে জেলায় চেন্নাইগামী তামিল নাড়ু এক্সপ্রেসে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে ২৫ জন। নেলোরে জেলা কালেক্টর শ্রিধর এ কথা জানান।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নেলোরে জেলা অতিক্রম করার সময় আগুন লাগার ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
আগুন লাগার ঘটনাটি বোঝার সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয় এবং দ্রুত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। কিন্তু ততক্ষণে ৪৭ জনের মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টয়লেটের কাছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্লিপার কোচে আগুন লেগেছে। ওই কোচটিতে প্রায় ৭০টি আসন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কোচের ভেতর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী আটকে পড়েছিল। দরজা দু’টিও ঠিকমতো খুলতে না পারার কারণে অনেক যাত্রী বের হতে পারেনি।
ধারণা করা হচ্ছে অন্ততপক্ষে ১৫ জন যাত্রী আগুন লেগে যাওয়া বগি থেকে লাফিয়ে বাইরে পড়েছে।
নেলোরে জেলা কালেক্টর শ্রিধর জানিয়েছেন, আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ চালাচ্ছেন বলে জানা গেছে।
এরআগে এই দুর্ঘটনায় যথাক্রমে ২৫ জন ও ৩২ জন নিহত হওয়ার খবর জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩১ ঘ.
bdnews24