হং কং, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্কুলে নতুন পাঠ্যসূচি চালুর পরিকল্পনার বিরুদ্ধে রোববার হাজার হাজার অভিভাবক হংকংয়ে বিক্ষোভ করেছে।
তাদের অভিযোগ, এ নতুন পাঠ্যসূচি চীনা কমিউনিস্ট পার্টির অর্জনকে তুলে ধরে শিশুদের মগজ ধোলাইয়ের প্রচেষ্টা।
আগামী বছর স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্তির জন্য হং কং সরকারের অর্থায়নে “চীনা মডেল” নামে ৩৪ পৃষ্ঠার একটি বই প্রকাশ করা হয়েছে।
বইটিতে চীনের এক দলীয় রাজনৈতিক ব্যবস্থাকে অদ্বিতীয় আখ্যা দিয়ে এ ব্যবস্থার অধীনে কিভাবে দেশটির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জিত হয়েছে তা তুলে ধরা হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, পাঠ্যসূচিতে চীনের সমকালীন কয়েকটি নেতিবাচক ঘটনা, যেমন: অবৈধভাবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের জমি দখল এবং গুঁড়া দুধের কেলেঙ্কারি নিয়ে কিছুটা আলোচনা করা হলেও ১৯৮৯ সালের ৪ জুনে তিয়ানআনমেন স্কয়ারের গণতন্ত্রপন্থি আন্দোলনের বিষয়ে কিছু বলা হয়নি।
তাদের বক্তব্য, আমরা চাইনা আমাদের ছেলেমেয়রা এসব বই পড়ুক। এতে তাদের স্বাধীন চিন্তার বিকাশ হবে না। পাঠ্যসূচি বদল করা না হলে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের অন্য স্কুলে ভর্তি করবেন বা প্রয়োজনে দেশ বদল করা হবে বলেও জানিয়েছেন কেউ কেউ।
প্রায় ১৯ হাজার ছাত্র-ছাত্রী ও অভিভাবক পে¬¬কার্ড হাতে বিক্ষোভ করেছে এবং নতুন পাঠ্যসূচির বিরুদ্ধে পুস্তিকা বিতরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৮ঘ.
bdnews24