ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিশোধ নিতে মিয়ানমারে হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
পাকিস্তান সরকার মিয়ানমারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করাসহ দূতাবাস বন্ধ না করলে এ হামলা চালানো হবে বলে টিটিপি জানিয়েছে।
বিদেশে মুসলিমদের দুর্দশার বিষয়টি তুলে ধরে বিরল এক বিবৃতিতে টিটিপি নিজেদের মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর রক্ষাকবচ হিসাবে জাহির করে বলেছে, “আমরা আপনাদের রক্তের বদলা নেব।”
বিবৃতিতে তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান দাবি জানিয়ে বলেন, “পাকিস্তান সরকারকে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসলামাবাদে বন্ধ করতে হবে মিয়ানমারের দূতাবাস।”
“তা না হলে যে কোনো জায়গায় মিয়ানমারের স্বার্থে হামলা চালানো ছাড়াও মিয়ানমারে পাকিস্তানের অনুসারীদের ওপর হামলা চলবে।”
মিয়ানমারের দূতাবাস থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
টিটিপি প্রায়ই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। কিন্তু পাকিস্তানের বাইরের কোনো দেশে দেশটির হামলা চালানোর সক্ষমতা নিয়ে সন্দেহ আছে।
তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বোমা হামলা প্রচেষ্টায় টিটিপি জড়িত থাকার আলামত পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২০ঘ.
bdnews24