২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আসাদের পতন সময়ের ব্যাপার মাত্র’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ‘সময়ের ব্যাপার মাত্র’। জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের সাবেক প্রধান রবার্ট মুড এ মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বৈরুত, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ‘সময়ের ব্যাপার মাত্র’। জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের সাবেক প্রধান রবার্ট মুড এ মন্তব্য করেছেন। সিরিয়ায় পর্যবেক্ষণ মিশনে যাওয়া নরওয়ের মেজর জেনারেল রবার্ট মুড গত সপ্তাহে সেদেশ থেকে ফিরে এসেছেন। রয়টার্সকে তিনি বলেন, “আমার মতে, সিরিয়া সরকারের পতনের আর বেশি দেরী নেই। সাধারণ জনগণের ওপর যে সরকার এ ধরনের ভারী অস্ত্র আর অসম শক্তি ব্যবহার করছে তার পতন ঘটবে। এটা সময়ের ব্যাপার মাত্র।” তবে মুড এও বলেন যে, আসাদের পতনেই সিরিয়ায় ১৬ মাসের সংঘাতের অবসান ঘটবে বলে তিনি মনে করেন না। সিরিয়ার আলেপ্পোয় সর্বাত্মক সেনা অভিযানে নামার আগে শুক্রবার স্থল ও বিমান হামলা শুরু করেছে সরকারি বাহিনী। এতে করে নৃশংস হত্যাকাণ্ডের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চলছে হেলিকপ্টার গানশিপ হামলা। শহরের উপকণ্ঠে অবস্থান নেওয়া সেনারা দক্ষিণাঞ্চলীয় সালাদিন, আল-শুক্কারি এবং আল ফারদোস এলাকায় মর্টার হামলা চালাচ্ছে। ওদিকে, রাশিয়ার তৈরি এমআই-২৫ হেলিকপ্টার গানশিপ থেকে রকেট হামলা চলছে পূর্বাঞ্চলীয় আল-শাকুর এলাকায়। সরকারবিরোধী আন্দোলনকর্মীরা একথা জানিয়েছে। সরকারি বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞের প্রস্তুতি নিচ্ছে বলেই আশঙ্কা যুক্তরাষ্ট্রের। বিদ্রোহীদের পরাস্ত করতে মরিয়া সরকারি বাহিনী সম্ভাব্য সব কিছুই করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারপন্থি আল ওয়াতান পত্রিকা ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে সর্বাত্মক লড়াই শুরু হতে চলেছে। বিমান হামলা চালানোর মধ্য দিয়ে আলেপ্পোয় সারি সারি ট্যাংক প্রবেশের খবর পাওয়া কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ। ইদলিব প্রদেশ থেকে ট্যাংকের একটি বহর গতরাতেই আলেপ্পোয় পৌঁছেছে এবং বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। বিদ্রোহীরা সেনাদের রাস্তা অবরোধ এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যস্থল করেছে। আলেপ্পোর কেন্দ্রস্থলের কাছে বুস্তান আল জোজ এলাকায় নিরাপত্তা ফাঁড়িতে বৃহস্পতিবার হামলা চালিয়েছে তারা। আলেপ্পোর পূর্ব ও পশ্চিমে অবস্থান করছে বিদ্রোহীরা। শহরের কেন্দ্রস্থলের কয়েকটি এলাকাও তাদের দখলে রয়েছে। আর সরকারি সেনা ও ট্যাংক জড়ো হয়েছে আলোপ্পোর প্রবেশপথে। আলে্েপ্পার প্রবেশপথ, মূল সড়ক এবং বাণিজ্যিক সড়কগুলো সরকারি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ মুহূর্তে সেনারা শহরে কেবল বোমা হামলা চালাচ্ছে। বিদ্রোহীদের হাতে থাকা আবাসিক এলাকাগুলোতে চলছে এ বোমাবর্ষণ। শহরটিকে ঘিরে ফেলছে সেনারা। খুব শিগগিরি বড় ধরনের লড়াই শুরুর আশঙ্কায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই জনগণকে রেহাই দেওয়ার জন্য বিবাদমান দুপক্ষকেই আহ্বান জানিয়েছেন। আলেপ্পোয় ট্যাংকের বহর, হেলিকপ্টার গাণশিপ এবং জঙ্গি বিমান মোতায়েন বড় ধরনের আসন্ন লড়াইয়েরই ইঙ্গিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুলান্ড বলেন, “আমরা আলেপ্পোয় হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করব। এটাই উদ্বেগের ব্যাপার। সিরিয়া সরকার সেপথেই এগুচ্ছে বলে মনে হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৪ঘ.