বেইজিং, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ষাট বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে চীনের রাজধানী বেইজিংয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৭-এ দাঁড়িয়েছে। এরআগে নিহতের সংখ্যা ৩৭ বলে জানানো হয়।
তবে সরকার এই দুর্যোগ সঠিকভাবে মোকাবিলা করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
এনডিটিভির এক খবরে বলা হয়, বেইজিংয়ের নগর সরকার জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ ৭৭টি লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৬ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে। এদের মধ্যে ৫ ত্রাণ কর্মকর্তা। বন্যায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে গিয়ে তারা প্রাণ হারান।
গত রোববারের পর থেকে কর্তৃপক্ষ প্রাণহানির নতুন কোনো পরিসংখ্যান উল্লেখ না করে একেবারে বৃহস্পতিবার ৭৭ জনের প্রাণহানির কথা জানায়, যা পূর্ববর্তী সংখ্যার প্রায় দ্বিগুণ।
এরআগে রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ব্যাপক বৃষ্টিপাতে বেইজিংয়ের প্রধান সড়কগুলো ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
নিজস্ব ব্লগসাইটে বেইজিং নগর কর্তৃপক্ষ ৩৭ জনের মৃত্যু সংবাদ জানায়। এদের মধ্যে ডুবে মারা গেছে ২৫ জন, ধসে পড়া ছাদ চাপা পড়ে মারা গেছে ৬ জন, বিদ্যুতের তারে জড়িয়ে ৫ জন ও বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৪ ঘ.
bdnews24